কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-২৪ ১০:২০:৫০


কুমিল্লার মুরাদনগরে নামিদামি ব্র্যান্ডের প্রায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ জেনিথ সরকার (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টায় উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের বিষ্ণুপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জেনিথ সরকার নবীনগর উপজেলার বাঁওয়াচাইল এলাকার কাউছার আলমের ছেলে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিষ্ণুপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে জেনিথ সরকারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৫০০ প্যাকেট বা ৩০ হাজার শলাকা নামিদামি ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। এ সময় পুলিশ আরও ১ কাটুন নামিদামি ব্র্যান্ডের সিগারেট জব্দ করে। সব মিলিয়ে অভিযানে প্রায় ৬০ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ আরও জানিয়েছে, নামিদামি ব্র্যান্ডের নকল ও অবৈধ সিগারেট বাজারজাতের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। চক্রটি বিভিন্ন পথে এসব সিগারেট দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে বলে ধারণা করা হচ্ছে। আটক জেনিথের সঙ্গে এই চক্রের অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এনজে