সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের চুক্তি

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৯-২৭ ১৫:৪০:০৯


কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের চলতি মূলধনের চাহিদা পূরণ এবং ব্যবসা ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ডের অধীনে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক।

সমপ্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর মোঃ আনিছুর রহমান এর উপস্থিতিতে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মোঃ জবদুল ইসলাম এবং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। এসময়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান ও অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ হাজার কোটি টাকার এই সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ড গঠন করা হয়েছে। চলতি মূলধনের সংকটে পূর্ণ সক্ষমতায় ব্যবসা চালাতে না পারা সম্ভাবনাময় ও টেকসই সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা দেওয়াই এ তহবিলের অন্যতম প্রধান উদ্দেশ্য। এ স্কিমের আওতায় যোগ্য সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট নীতিমালা ও শর্তসাপেক্ষে মাত্র ৯ শতাংশ সুদহারে অর্থায়ন সুবিধা নিতে পারবে। এই অর্থায়নের মাধ্যমে ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা, উৎপাদন ও সেবা কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম গতিশীল করার সুযোগ তৈরি হবে।

এএ