কর্মসংস্থান ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২০১৭-০৭-২৯ ১৭:৫৬:২২
কর্মসংস্থান ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মুক্তি হলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান। ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান পরীক্ষিত দত্ত চৌধুরী। এ সময় পরিচালনা বোর্ডের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর, জিএম গোকুল চন্দ্র রায়, মো. আব্দুল মান্নান, ম হ ম আলী করিম ও দিবাকর চৌধুরী এবং প্রধান কার্যালয়ের ঊর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।সভায় কর্মসংস্থান ব্যাংকের বিভিন্ন শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা ও বিভাগীয় কার্যালয়ের প্রধানরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পরীক্ষিৎ দত্ত চৌধুরী বলেন, বর্তমানে কর্মসংস্থান ব্যাংকে জনবলের চেয়ে বেশি অভাব রয়েছে প্রযুক্তি উন্নয়নের। ব্যাংক কর্তৃপক্ষ চাইলেই প্রযুক্তির উন্নয়ন করতে পারে। সরকারি নিয়ম অনুযায়ী অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। আশা করি সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নির্ধারণ করেছে তাতে এসব অভাব আর থাকবে না।
তিনি বলেন, অন্যান্য ব্যাংকে যখন খেলাপি ঋণের পরিমাণ অনেক, তখন এ ব্যাংকে খেলাপি ঋণ মাত্র ৭ শতাংশ। এ ধারা অব্যাহত রেখে সারাদেশে ঋণ বিতরণের পরিধি বাড়িয়ে কর্মসংস্থান ব্যাংককে দেশের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














