ব্যাংক এশিয়ার ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আপডেট: ২০২৬-০৯-২৯ ১৮:৫৩:৩২


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি বন্ড ইস্যু করে ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০৩১ তম কমিশন সভায় এই বন্ড ইস্যুর অনুমোদন দেওয়া হয়। সভায় বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান সভাপতিত্ব করেন।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৭ বছর। মেয়াদ শেষে এটি সম্পূর্ণভাবে অবসায়িত হবে। এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরযোগ্য নয়। এটি আনসিকিউরড বন্ড অর্থাৎ এর বিপরীতে কোনো জামানত থাকবে না। এর কুপন রেট তথা সুদের হার হবে রেফারেন্স রেট প্লাস ৩ শতাংশ।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের মধ্যে বরাদ্দ করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্যাংক এশিয়া পিএলসি ব্যাসেল-৩ এর আওতায় তার টিয়ার-টু মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে। পাশাপাশি যোগ্য সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন ও পুনঃঅর্থায়ন করা হবে।

আলোচিত বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর এর ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি।

বন্ডটি স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত করা হবে।

এএ