সালমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার পর্ষদ গঠন
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৯-২৯ ২০:৩৫:৫৩
দেশের পুঁজিবাজার ও শিল্প খাতের আলোচিত ব্যবসায়ী সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বোর্ড পুর্নগঠনের অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির সূত্র মতে, ৯ সদস্যের এই বোর্ডে বেক্সিমকো গ্রুপের পক্ষ থেকে থাকবেন তিনজন শেয়ারহোল্ডার, আইএফআইসি ব্যাংকের পক্ষে একজন, একজন নারী পরিচালক এবং ৪ জন স্বতন্ত্র পরিচালক। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক পদে নতুন করে একজনকে নিয়োগ দেওয়া হবে।
বেক্সিমকো গ্রুপের পক্ষ থেকে বোর্ডে থাকবেন- বেক্সিমকো গ্রুপের চেয়্যারম্যান এএসএফ রহমান, ওসমান কায়সার চৌধুরী এবং ইকবাল আহমেদ। ইকবাল আহমেদ বর্তমানে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালকদের দায়িত্ব পালন করছেন। আর ওসমান কায়সার চৌধুরী কোম্পানিটির পরিচালক। এর আগে বেক্সিমকোর পক্ষ থেকে পর্ষদ পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিলো।
দীর্ঘদিনের পর্ষদ জটিলতা
ক্ষমতার পালাবদলের পর ২০২৫ সালের শুরুতে বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদে নয়জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বিএসইসি। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করে কোম্পানিটি। পরে বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় কোম্পানিটির পর্ষদ কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন প্রকাশে দীর্ঘসূত্রতা তৈরি হয়।
পর্ষদ জটিলতার প্রভাব পড়ে কোম্পানিটির আন্তর্জাতিক তালিকাভুক্তিতেও। ২০২৬ সালের ২ জানুয়ারি লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (AIM) বেক্সিমকো ফার্মার GDR লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়। নির্ধারিত সময়ে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে না পারাই এর প্রধান কারণ ছিল।
১৫ মাস পর আর্থিক প্রতিবেদন প্রকাশ
তবে বিএসইসির বিশেষ অনুমোদনের পর গত জুনে দীর্ঘদিন পর বেক্সিমকো ফার্মার পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদনসহ বকেয়া বিভিন্ন প্রান্তিকের হিসাব অনুমোদন করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির সমন্বিত মুনাফা হয়েছে প্রায় ৬৯৪ কোটি টাকা। শেয়ারধারীদের জন্য ঘোষণা করা হয় ৪৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ, অর্থাৎ প্রতি শেয়ারে ৪ টাকা ৭৫ পয়সা।
এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে কোম্পানিটির আয় ১৩ শতাংশ বেড়ে প্রায় ৪ হাজার ১৪২ কোটি টাকা হয়েছে। একই সময়ে কোম্পানিটির মুনাফাও শক্তিশালী অবস্থানে ছিল।
লন্ডনে আবার লেনদেন শুরু
আর্থিক প্রতিবেদন প্রকাশের পর গত ২৭ জুন লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার GDR লেনদেন প্রায় ছয় মাসের স্থগিতাদেশের পর পুনরায় শুরু হয়। এর ফলে কোম্পানিটি স্বয়ংক্রিয়ভাবে তালিকাচ্যুত হওয়ার ঝুঁকি এড়াতে সক্ষম হয়। লেনদেন শুরুর পর প্রথম দিনেই GDR-এর দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।
পর্ষদ পুনর্গঠনে নতুন অধ্যায়
সালমান এফ রহমানের পর্ষদ থেকে সরে যাওয়া এবং নতুন কাঠামোয় পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ বেক্সিমকো ফার্মার করপোরেট পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। নতুন পর্ষদের মাধ্যমে কোম্পানিটির পরিচালনা কাঠামো, করপোরেট সুশাসন এবং বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী করার প্রত্যাশা তৈরি হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














