বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সেমিনার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-১০-১৩ ১৫:৫৩:২৭


বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রবের সভাপতিত্বে সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু জনসচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা ও সেমিনারের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এ জন্য সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

তিনি বলেন, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানকে কার্যকর করে ডেঙ্গু প্রতিরোধসহ নাগরিকদের যথাযথ সেবা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএইচের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী এবং হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া।

এ ছাড়া বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হালিম, ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মারুফ শাহরিয়ার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর উদ্দিন তালুকদারসহ অন্যরা।

বক্তারা বলেন, ডেঙ্গু বাংলাদেশে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। কিন্তু এ রোগ প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সংকট রয়েছে। এতে আক্রান্ত রোগী ও তাঁদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়ালেও রোগটি প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ দেখা যাচ্ছে না। ডেঙ্গু পরিস্থিতি মহামারির দিকে যাচ্ছে উল্লেখ করে তিনি অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, রাজনীতি যদি কেবল ক্ষমতার জন্য হয়, তাহলে জনগণের প্রতি রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা থাকে না। জনগণের কল্যাণে সরকার ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সংগঠনের উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক দল ও সরকারের কার্যকর ভূমিকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যাপক আব্দুর রব অন্যান্য সামাজিক সংগঠনকেও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

বিএইচ