খুবিতে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-১০-১৫ ২০:৪৫:০৪


জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। প্রধান অতিথি থেকে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।

নিরাপদ সড়ক চাইয়ের খুলনা মহানগর শাখার সভাপতি মাহবুবুর রহমান মুন্না’র সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন তালুকদার সোহাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি খুবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, সরকারের এবার লক্ষ ২৫ কোটি গাছ লাগানো। যা ক্রমান্বয়ে লাগিয়ে যাওয়া হচ্ছে। সড়ককে নিরাপদ করার জন্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন যে সংগ্রাম করে যাচ্ছেন। তার গাছের প্রতি ভালোবাসাও রয়েছে। যার কারণে তার সংগঠনও বৃক্ষেরোপণ করছে। এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

ভাইস-চ্যান্সেলর বলেন, আমরা যদি গাছ লালন পালন করতে পারি তাহলে অক্সিজেনের সংকট দূর হবে। বিশেষ করে শহরের মধ্যে শ্বাস-প্রশ্বাস নিতে যে কষ্ট হয় তা দূর হবে। নিরাপদ সড়ক চাই খুলনা বিশ্ববিদ্যালয়ে গাছ লাগানোর যে উদ্যোগ নিয়েছে তা একটি মহৎ উদ্যোগ। আমি মনে করি এসব গাছ কার্বন ডাই-অক্সাইড গ্রহন করে খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা আছি তাদের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করবে। গাছ যে ভালোবাসে না আমার সন্দেহ আছে তার হৃদয় আছে কিনা। আমরা যদি প্রত্যেকে ১টি করে গাছ লাগাই তাহলে বছরে ১৮ কোটি গাছ লাগাতে পারি। সেজন্য সবাইকে আমরা গাছ লাগাতে আহ্বান জানাই।

কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার সামাজিক দায়িত্বও।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শারাফাত আলী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ, অফিসার্স কল্যাণ পরিষদের সাবেক সভাপতি আবদুর রহমান, এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী, নিরাপদ সড়ক চাইয়ের খুলনা মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, প্রকাশনা সম্পাদক রাশেদ রানা, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. রবিউল ইসলাম তনু, মো. কামাল হোসেন, সদস্য মো. শফিকুল ইসলাম, মো কামরুল ইসলাম মনি, রহমতুল্লাহ,জান্নাতুল ফেরদৌস সুমা প্রমুখ।

 

এসকেএস