লভ্যাংশ বিতরণে ব্যর্থ হলে শাস্তি; স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি
আপডেট: ২০২৬-১০-১৩ ১৮:২৯:১০
তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ বিতরণসংক্রান্ত নির্দেশনা পরিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০৩৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসির বিদ্যামান নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ বার্ষিক বা চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করলে বিতরণের জন্য ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ বার্ষিক সাধারণ সভার (এজিএম) অন্তত এক দিন আগে পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হয়। পাশাপাশি, অর্থ স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হয়।
নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের ওই প্রত্যয়নপত্র কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবের সত্যায়নসহ এজিএমে উপস্থাপন করতে হয়। একই সঙ্গে তা সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলোতে জমা দিতে হয়। তবে সম্প্রতি কয়েকটি ক্ষেত্রে এসব নির্দেশনা যথাযথভাবে পরিপালন না করার বিষয়টি কমিশনের নজরে এসেছে। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য সিকিউরিটিজ আইন ও বিধিবিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া লভ্যাংশ বিতরণে স্বচ্ছতা ও নির্দেশনার পরিপালন নিশ্চিত করতে বিদ্যমান নির্দেশনায় সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সংশোধনী অনুযায়ী, ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা এবং ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ ও এজিএমে উপস্থাপন করা লভ্যাংশসংক্রান্ত প্রস্তাব উত্থাপনের পূর্বশর্ত হবে। এসব শর্ত পূরণ না করে এজিএমে লভ্যাংশ সংক্রান্ত কোনো প্রস্তাব উপস্থাপন করা যাবে না।
অন্যদিকে, তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ এবং এর পরবর্তী সংশোধনী অনুসারে, বিদ্যমান স্বতন্ত্র পরিচালককে পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ ক্লিন সিআইবি রিপোর্ট পাওয়ার পর কমিশন সম্মতি দেবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ার প্রশাসনিক কার্যক্রম ত্বরান্বিত হবে বলে জানিয়েছে কমিশন।
এ ছাড়া কোনো স্বতন্ত্র পরিচালককে করপোরেট গভর্ন্যান্স কোডের নির্দিষ্ট শর্ত অনুযায়ী যোগ্যতা ও অভিজ্ঞতার কোনো বিধান থেকে আগে অব্যাহতি দেওয়া হয়ে থাকলে, তাঁকে অন্য কোনো তালিকাভুক্ত কোম্পানিতে নিয়োগ বা সংশ্লিষ্ট কোম্পানিতে পুনর্নিয়োগের ক্ষেত্রে সেই অব্যাহতি স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। ফলে একই বিষয়ে পুনরায় অব্যাহতি নেওয়ার প্রয়োজন হবে না।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













