২৭ আগস্ট নতুন টাকা বিনিময় শুরু
আপডেট: ২০১৭-০৮-২০ ২১:০৭:৩৬
ঈদুল আজহা উপলক্ষে নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৭ আগস্ট (রোববার) থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। আসন্ন ঈদের ছুটির পূর্ব কার্যদিবস পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন টাকা নিতে পারবে সাধারণ মানুষ। রোববার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকেও আলোচিত সময়ে ৫ টাকা থেকে ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।
যেসব ব্যাংকে ও শাখায় নতুন টাকা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, দি সিটি ব্যাংকের মিরপুর শাখা, শাহ্জালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সোনালী ব্যাংকের রমনা শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, রূপালী ব্যাংকের মহাখালী শাখায় নতুন টাকা পাওয়া যাবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














