সাত-সকালের বৃষ্টিতে নগরবাসীর চরম ভোগান্তি

প্রকাশ: ২০১৭-০৮-২২ ১০:৪২:৫০


Rain Todayমঙ্গলবারের সকালটা বৃষ্টি দিয়েই শুরু, অফিসগামী মানুষগুলো জীবিকার তাগিদে বাধ্য হয়ে নামেন রাস্তায়। ভোগান্তির যেন শেষ নেই, একদিকে মুষলধারে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা অন্যদিকে গণপরিবহনে ওঠার চরম ভোগান্তি। ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের প্রায় দ্বিগুণ।
সকালের টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। হাঁটু-পানি আর কোমর পানিতে থৈ থৈ অবস্থা।  এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। নগরীর কাওরান বাজার, মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মৌচাক, শান্তিনগর, যাত্রাবাড়ী, কাকরাইল, পুরান ঢাকা, মগবাজার, মতিঝিল, পল্টনসহ এসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
কোথাও কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমর সমান পানি। ফলে চরমে দুর্ভোগে পড়েছে ঢাকাবাসী। জলাবদ্ধতার কারণে সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। খানাখন্দে ভরা বেশিরভাগ রাস্তা ডুবে থাকায় পথে পথে বিকল হচ্ছে গাড়ি। মঙ্গলবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে বৃষ্টির এ ধারা সারাদেশে নেই। দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে এ বৃষ্টি হচ্ছে।
২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, বরিশাল, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।