বাংলাদেশ ব্যাংকে আগুনের সূত্রপাত যেভাবে

প্রকাশ: ২০১৭-১০-২৪ ০৮:০৩:৪৮


b bankবাংলাদেশ ব্যাংকের ১৮তম তলায় আগুনের সূত্রপাত হয় ওয়েল্ডিংয়ের (ঝালাই) ফুলকি থেকে। ৩০তম তলায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেই ফুলকি পড়েই লাগে আগুন। ঘটনাস্থল পরিদর্শনের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল হালিম এ কথা বলেন।

তিনি বলেন, নতুন ভবনের ১৮তম তলায় পুরনো লিফট সরিয়ে নতুন লিফট সংযোজন করা হয়েছে আজ। লিফটের পাশে পরিত্যক্ত কিছু কার্টনের ওপর ৩০ তলা থেকে ফুলকি পড়ে হঠাৎ করেই আগুন লাগে। কার্টনগুলো পরিত্যক্ত হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাংলাদেশ ব্যাংকের বাইরে ফায়ার সার্ভিসের টহলরত একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, লিফট মেরামতের সময় আগুন লাগে। ভবনের কোনো কক্ষে আগুন লাগেনি, কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৩ মার্চ মতিঝিলের বাংলাদেশ ব্যাংক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় ব্যাংকের ১৩ তলার পেছনে আগুন লাগে।