দায় স্বীকার আনসার আল ইসলামের

আপডেট: ২০১৫-১১-০১ ১৪:১৬:৪২


151101023932_ansar_al_islam_640x360_bbc_nocreditআজিজ সুপার মার্কেটের জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম নামের একটি সংগঠন। তারা নিজেদের আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) শাখা বলে দাবি করেছে।

শনিবার রাত ৯টার দিকে টুইটারে করা একটি টুইটে এ দায় স্বীকার করা হয়। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিও পাঠায় সংগঠনটি। তাতে বলা হয়- ‘আমরা আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা এ হত্যার দায় স্বীকার করছি।’

আনসার আল ইসলামের দায় স্বীকারের সত্যতা নিশ্চিত করে ঢাকা মহনগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আনসার আল ইসলাম নামের একটি সংগঠন বিভিন্ন গণমাধ্যমে হামলা ও হত্যার দায় স্বীকার করেছে বলে জানতে পেরেছি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এ ছাড়া তার গ্রহণযোগ্যতা কতটুকু সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দায় স্বীকারের বার্তাটি কে কোথা থেকে দিয়েছে বা পাঠিয়েছে তা বের করার জন্য আমাদের কারিগরি টিম কাজ শুরু করেছে।’

এর আগেে এ সংগঠনটি ব্লগার নীলাদ্রি চট্টোপ্যাধ্যায় (নিয়ল নীল) হত্যার দায়ও স্বীকার করেছিল।

শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতির কার্যালয়ে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও চিন্তক আবুল কাসেম ফজলুল হকের ছেলে।

একই দিন দুপুরে লালমাটিয়া সি-ব্লকের ৮১৩ নম্বর বাসায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিম গুরুতর আহত হন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।