সুপার ব্র্যান্ডের স্বীকৃতি পেলো পুঁজিবাজারের আট কোম্পানি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-০৯-০২ ২০:৩৩:৫১
সুপার ব্র্যান্ড বাংলাদেশের দেয়া ‘সুপার ব্র্যান্ড’ স্বীকৃতি পেল ৩০টি প্রতিষ্ঠান। এর মধ্যে আটটি কোম্পানি রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং একটি কোম্পানি পুঁজিবাজারে আসার অপেক্ষায় রয়েছে। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানে ২০১৮-২০ সালের জন্য বাংলাদেশের সুপার ব্র্যান্ড ঘোষণা করা হয়। সুপার ব্র্যান্ড গ্লোবাল মিডিয়া কমিউনিকেশন এবং প্রকাশনা প্রতিষ্ঠান। বিশ্বের ৮৮টি দেশে কাজ করে এ সুপার ব্র্যান্ড।
অনুষ্ঠানে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, রহিম আফরোজ গ্রুপের পরিচালক নিয়াজ রহিমসহ অনেকে।
যেসব প্রতিষ্ঠান তার পণ্যের বা সেবার নির্দিষ্ট এজেন্ডা তৈরি করে, এজেন্ডা বাস্তবায়নের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড গুলোকে পার করে একটি আকর্ষণীয় ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছে,সেসব ব্র্যান্ডের জন্য একটি অনন্য বেঞ্চমার্ক হলো ‘সুপারব্র্যান্ডস’। বড় পরিসরে একটি গবেষণা প্রক্রিয়ার মাধ্যমে হাজার হাজার ব্র্যান্ডের মধ্য থেকে ডিরেক্ট-টু-কনজ্যুমার এবং বিজনেস-টু-মার্কেট উভয় ক্ষেত্রে প্রতিবছরই সুপারব্র্যান্ড নির্বাচন করা হয়। শুধুমাত্র সেরা ব্র্যান্ডগুলো ‘সুপারব্র্যান্ড’ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনন্য এবং ভিন্নধর্মী প্রতিষ্ঠানগুলোকে খুঁজে বের করে এবং সম্মানিত করে। যুক্তরাজ্যে দি সেন্টার ফর ব্র্যান্ড অ্যানালাইসিস এর লাইসেন্সে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সুপার ব্র্যান্ড পুরস্কার পাওয়া পুঁজিবাজারের কোম্পানিগুলো হলো- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড,ইস্টার্ন ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন, বাটা,আইপিডিসি ফিন্যান্স লিমিটেড, স্বপ্ন, সিঙ্গার বাংলাদেশ। আর অপেক্ষায় থাকা কোম্পানিটি হলো এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।
সুপার ব্র্যান্ড স্বীকৃতি পাওয়া বাকী প্রতিষ্ঠানগুলো হলো- আবুল খায়ের স্টিল, এসিআই এরোসল, এসিআই সল্ট লিমিটেড, বাংলাদেশ অ্যাপারেল সেক্টর, বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চ্যালেন আই, ডিবিএল গ্রুপ, এলিট পেইন্ট, এপিলিয়ন গ্রুপ, মেটাডোর গ্রুপ, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্যারসুট অ্যাডভান্স, প্রাইড লিমিটেড, রেডিও টুডে ৮৯.৬ এফএম, রূপচাঁদা, শাহ সিমেন্ট, শান্তা হোল্ডিংস লিমিটেড, সুপার ফ্রেস ড্রিংকিং ওয়াটার এবং দি ডেইলি স্টার।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













