নড়িয়ায় আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ : ককটেল গুলি
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৮-১০-২৩ ০৮:৪৩:৫৬
শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া সংঘর্ষের ঘটনায় ৫ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তার কেন্দ্র করে সোমবার দুপুর ১২টায় উপজেলার ভোজেশ্বরে এ ঘটনা ঘটে। সংঘর্ষকারীরা অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৫ রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে। ভোজেশ্বর বন্দর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমদ সিকদার ও নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসমাইল হকের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ১৯ অক্টোবর আলী আহমদ সিকারের ভাইপো আকাশ সিকদার ভোজেশ্বরের উপশী এলাকায় এলোপাতাড়ি মোটরসাইকেল চালান।
এ নিয়ে আকাশ সিকদারের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের সমর্থক ভোজেশ্বর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক খলিল কাজীর তর্ক হয়। এ সময় আলী আহমদ সিকদারের সমর্থকরা খলিল কাজীকে ধাওয়া করেন। ঘটনার পর থেকে আলী আহমদ সিকদারের লোকজনের ভয়ে ইসমাইল হকের লোকজন ভোজেশ্বর বাজারে যাওয়া বন্ধ রাখেন।
সোমবার দুপুরে ইসমাইল হকের সমর্থকরা ভোজেশ্বর বাজারে ঢুকতে চাইলে আলী আহমদ সিকদারের সমর্থকরা বাধা দেন। ফলে ভোজেশ্বর পাইলট মোড়ে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেন এবং সংঘর্ষে লিপ্ত হন। নড়িয়া থানার ওসি মঞ্জুরুল হক আকন্দ জানান, সংঘর্ষের ঘটনায় এখনো মামলা হয়নি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













