সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে ঘাটতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-০৫ ১১:১৪:৪৮


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চলতি অর্থবছরের (২০১৮-১৯) প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায় হয়েছে ৪৫৭ কোটি ৪৪ লাখ টাকা। এ সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৬০ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। তবে ২০১৭-১৮ প্রথম ছয় মাসের তুলনায় এবার ২১ শতাংশ বেশি রাজস্ব আহরণ হয়েছে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ সূত্রে জানায়, গত ছয় মাসে বন্দর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫১৭ কোটি ২৫ লাখ টাকা। বিপরীতে আদায় হয়েছে ৪৫৭ কোটি ৪৪ লাখ ৮৬ হাজার টাকার রাজস্ব। এ হিসাবে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ে ঘাটতি রয়ে গেছে ৫৯ কোটি ৮০ লাখ ১৪ হাজার টাকা।

এদিকে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ছয় মাসে ভোমরা স্থলবন্দর থেকে রাজস্ব আহরণ হয়েছিল ৩৭৭ কোটি ৬৭ লাখ ৫২ হাজার টাকার। সে অনুযায়ী গত ছয় মাসে বন্দরে রাজস্ব আহরণ বছরওয়ারি বেড়েছে ৭৯ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার টাকা বা ২১ দশমিক ১২ শতাংশ।

রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, ভোমরা স্থলবন্দরে চলতি অর্থবছরের শুরুতেই লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণে ঘাটতি দেখা দেয়। প্রথম মাস জুলাইয়ে বন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৬৪ কোটি ৮৬ লাখ টাকা। বিপরীতে আহরণ হয় ৪৭ কোটি ৬৪ লাখ টাকা। ঘাটতির পরিমাণ ১৭ কোটি ২২ লাখ টাকা। অর্থবছরের প্রথমার্ধ শেষও হয়েছে প্রায় অর্ধশত কোটি টাকা ঘাটতির মধ্য দিয়ে। ডিসেম্বরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ১১৭ কোটি ২৭ লাখ টাকা। আহরণ হয়েছে ৬৭ কোটি ৩৩ লাখ টাকা। ঘাটতির পরিমাণ ৪৯ কোটি ৯৪ লাখ টাকা।

ঘাটতি ছিল আগস্ট ও নভেম্বরেও। আগস্টে ৮৪ কোটি ৮৭ লাখ টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয় ৬০ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার টাকা। নভেম্বরের লক্ষ্যমাত্রা ছিল ১১১ কোটি ৫ লাখ টাকা। বিপরীতে আহরণ হয় ১০৮ কোটি ২৮ লাখ টাকা।

অর্থবছরের প্রথমার্ধে ভোমরা স্থলবন্দরে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে কেবল সেপ্টেম্বর ও অক্টোবরে। ওই দুই মাসে লক্ষ্যমাত্রা ছিল যথাক্রমে ৫৮ কোটি ৬১ লাখ ও ৮০ কোটি ৬২ টাকা। বিপরীতে আহরণ হয় যথাক্রমে ৮৮ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ও ৮৫ কোটি ২৬ লাখ ৫২ হাজার টাকার রাজস্ব।

একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে গত মাসে ব্যবসা-বাণিজ্যে কিছুটা মন্দা যাওয়ায় ডিসেম্বরে ঘাটতির পরিমাণ কিছুটা বেশি বলে জানান ব্যবসায়ী ও বন্দর-সংশ্লিষ্টরা। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, নির্বাচনের কারণে গত মাসে ভোমরা স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যে কিছুটা মন্দা গেছে। এ কারণে রাজস্ব আহরণের পরিমাণ কম ছিল।

ভোমরা শুল্ক স্টেশনে দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার সাগর সেন বলেন, রাজস্ব আহরণের লক্ষ্য পূরণের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে ডিসেম্বরে একটু বেশিই ঘাটতি রয়ে গেছে। আশা করছি বাকি ছয় মাসে অধিক পরিমাণে রাজস্ব আসবে, যার ফলে পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন হয়ে যাবে।