বাণিজ্য মেলায় তরুণ-তরুণীদের খণ্ডকালীন কর্মসংস্থান
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-০৭ ১৮:১৯:৫০
ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্যমেলায় তরুণ-তরুণীদের আগ্রহ দিন-দিন বেড়ে চলছে।এই মেলা এখন শুধু ক্রয়-বিক্রয় আর বিনোদন কেন্দ্র নয়।
এই বাণিজ্যমেলায় প্রতিবছর কয়েক হাজার তরুণ-তরুণীর খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ ও সৃষ্টি হচ্ছে।
আর এই সুযোগের জন্য তরুণরা বছরজুড়ে তাকিয়ে থাকেন এই মেলার দিকে। খণ্ডকালীন হলেও বাণিজ্য মেলায় কর্মসংস্থানের সুযোগ পেয়ে তারা বেশ লাভবান হচ্ছেন। বড় অঙ্কের সম্মানীর পাশাপাশি তারা অর্জন করছে অভিজ্ঞতা।
বরাবরের মতো এবারের মেলায়ও অনেক তরুণ-তরুণী খণ্ডকালীন কাজ করতে দেশি-বিদেশি বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে ভিড় জমাচ্ছেন। অনেক প্রতিষ্ঠানে এরই মধ্যে এক মাসের জন্য কর্মী নিয়োগ চূড়ান্ত করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, মেলায় খণ্ডকালীন চাকরিতে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয় শিক্ষার্থীদের। সেক্ষেত্রে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ের শিক্ষার্থীরা বেশি সুযোগ পেয়ে থাকেন।
গত বছরের মেলায় ছয় শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক হাজার তরুণ-তরুণী কাজের সুযোগ পেয়েছিলেন। এবার এর চেয়ে বেশিসংখ্যক খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তারা জানিয়েছেন, বাণিজ্য মেলায় এক মাস খণ্ডকালীন চাকরির জন্য কর্মীরা প্রতিষ্ঠান ভেদে ১০ থেকে ৩৫ হাজার টাকা আয় করতে পারেন। এছাড়া সকালের নাশতা, দুপুরের খাবার, বিকালের নাশতা, রাতের খাবার, প্রতিষ্ঠান ভেদে মোবাইল ফোন খরচ এবং যাতায়াত খরচও দেয়া হয়।
এর বাইরে কেউ চাইলে এক মাসের কাজের অভিজ্ঞতার সনদও দেয়া হয়, যা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বা অন্য কোথাও চাকরির ক্ষেত্রে আবেদনপত্রে অভিজ্ঞতা হিসেবে দেখানো যায়।
মেলায় খণ্ডকালীন চাকরির জন্য পত্রিকায় তেমন একটা বিজ্ঞপ্তি দেয়া হয় না। ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেই বেশির ভাগ প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে থাকে। ব্যক্তিগত যোগাযোগ ছাড়াও প্রতিষ্ঠানগুলো তাদের ফেসবুক পেজে, বিভিন্ন চাকরি প্রদানকারী এবং চাকরিপ্রত্যাশীদের গ্রুপগুলোর মাধ্যমে কর্মী নিয়োগ দিয়ে থাকে।
এ বিষয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (ইভেন্ট)বলেন, আমরা গতবারও প্রায় ৩০০ জন কর্মী নিয়েছিলাম। এবার ২৫০ জনকে নেয়া হবে। সদ্য স্নাতক অথবা বর্তমানে যারা স্নাতক সম্পন্ন করেছেন, নিয়োগের ক্ষেত্রে এসব শিক্ষার্থীকেই প্রাধান্য দেয়া হয়। তবে এইচএসসি পাস করা প্রার্থীদেরও নিয়োগের ক্ষেত্রে সমান সুযোগ দেয়া হয়।
এছাড়া এসব প্রতিষ্ঠান ছাড়াও মোবাইল ব্র্যান্ড, কনজিউমার ও হাউসহোল্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান, পোশাক প্রস্তুতকারী বিভিন্ন ব্র্যান্ড, কসমেটিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ইলেকট্রনিক্স কোম্পানিসহ অনেক প্রতিষ্ঠান বিক্রয়কর্মী নিয়োগ দিয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














