চলছে চারদিনব্যাপী ডিটিজির প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-১০ ১০:২৯:১১


গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে চারদিনব্যাপী ‘দ্য ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি)’।

ডিটিজির এবারের আয়োজনটি ১৬তম সংস্করণ। এটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও হংকংয়ের ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি লিমিটেড।

আয়োজকরা জানিয়েছেন, বস্ত্র ও গার্মেন্ট খাতে আমাদের সমৃদ্ধি ও প্রবৃদ্ধিতে ডিটিজির গুরুত্ব অনেক। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বস্ত্র ও পোশাক যন্ত্রের প্রদর্শনী এটি। এ বছর বিশ্বের ৩৭ দেশের ১ হাজার ২০০টি টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারিজ প্রস্তুতকারক কোম্পানি প্রদর্শনীতে অংশ নিচ্ছে। এতে মোট ১১টি হলে ১ হাজার ৬৫০টি বুথ থাকছে। প্রদর্শনীটি প্রতিদিন দুপুর ১২টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না।

গতকাল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন। প্রধান অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।