জীবনযাপনে বাড়ছে ব্যয়
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-১৩ ১০:৩৭:১৯
ঢাকায় বসবাসরত বাসিন্দাদের নিয়মিত খরচের গুরুত্বপূর্ণ খাত হলো খাদ্যপণ্য, নিত্যব্যবহার্য পণ্য ও সেবা, চিকিৎসা, যাতায়াত, বাড়িভাড়া ও শিক্ষা। আর মানুষের জীবনযাপনের ব্যয় নির্ধারণ করেছে ভোক্তাদের অধিকার রক্ষায় কাজ করা অলাভজনক সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
ক্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, বছরের শেষে সহনীয় পর্যায়ে নেমে এলেও ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে সব ধরনের চালের গড় মূল্য বেড়েছে ৮.৯১ শতাংশ। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে সাবানের, যা গড়ে প্রায় ২০ শতাংশ। অন্যান্য পণ্যের মধ্যে মাছের দাম বেড়েছে ১৩.৫০ শতাংশ, শাক-সবজির ৯.৩৮ শতাংশ, চা-পাতার ৮.৮৯ শতাংশ, পান-সুপারির ৭.১৮ শতাংশ, তরল দুধের ১০.৩৩ শতাংশ, গরম মসলার ৮ শতাংশ, মাংসের ৩.৩৭ শতাংশ, মুরগির ২.৭৯ শতাংশ, ডিমের ৭.৭১ শতাংশ। ২০১৮ সালে দেশি থান কাপড়ের দাম বেড়েছে ১০.৬৪ শতাংশ আর বিদেশি কাপড়ের দাম বেড়েছে ৬.৪৯ শতাংশ, দেশি শাড়ির দাম বেড়েছে ৬.৫৯ শতাংশ আর গেঞ্জি, তোয়ালে ও গামছায় ৭.৯৪ শতাংশ। নারিকেল তেলের দাম বেড়েছে ৭.৮৬ শতাংশ। ওয়াসার সরবরাহকৃত পানির মূল্য প্রতি হাজার লিটারে বেড়েছে ৫ শতাংশ। দুই কক্ষবিশিষ্ট বাড়িভাড়া বেড়েছে গড়ে ৫.৫ শতাংশ।
ক্যাবের হিসাব অনুযায়ী আরো জানা যায় ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালেও বেড়েছে বিভিন্ন পণ্য ও সেবা কেনা বাবদ খরচ। ক্যাবের প্রতিবেদন মতে, ২০১৮ সালে ঢাকায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬ শতাংশ এবং পণ্যমূল্য ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে ৫.১৯ শতাংশ। এর আগে ২০১৭ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছিল ৮.৪৪ শতাংশ এবং পণ্য ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছিল ৭.১৭ শতাংশ।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন তুলে ধরেন ক্যাবের সভাপতি গোলাম রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, ক্যাবের জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম ও ক্যাবের অনলাইন পোর্টাল ভোক্তাকণ্ঠ ডটকমের সম্পাদক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














