শিগগিরই মোংলায় ১৫টি কারখানা চালু হচ্ছে
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-১৩ ১১:২০:১৭
মোংলা ইপিজেডে ১২৮টি কারখানা চালু রয়েছে। খুব শিগগিরই এখানে আরো ১৫টি কারখানা চালু হচ্ছে বলে জানা গেছে।
গত ১০ বছরে মোংলা ইপিজেডের রফতানি বেড়েছে ১৬ গুণ ও বিনিয়োগ বেড়েছে ১১ গুণ। বাংলাদেশ রফতানি প্রক্রিয়া অঞ্চলের (বেপজা) মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর জানান, ১৯৯৮ সালে ২৮৯ একর জমির ওপর মোংলা ইপিজেড গড়ে তোলা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গত ১০ বছরে এ ইপিজেডের অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। ২০০৮ সালে মোংলা ইপিজেডে বিনিয়োগ করা হয়েছিল ৪৫ কোটি টাকা। সেখানে গত বছর বিনিয়োগ হয়েছে ৫১০ কোটি টাকা। সে হিসাবে ১০ বছরে বিনিয়োগ বেড়েছে ১১ গুণেরও বেশি। অন্যদিকে ২০০৮ সালে ইপিজেড থেকে রফতানি হয়েছিল ২৯৫ কোটি টাকার পণ্য, সেখানে ২০১৮ সালে পণ্য রফতানি হয়েছে ৪ হাজার ৭০৫ কোটি টাকা। সে হিসাবে রফতানি বেড়েছে ১৬ গুণ।
এ বিষয়ে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘মোংলা বন্দরের আশপাশে যাতে শিল্পায়ন হয়, বন্দর যাতে গতিশীল হয়, সে বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে মোংলা ইপিজেডের কার্যক্রম শুরু করেন। বর্তমানে এখানে চার-পাঁচ হাজার নারী শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এ অঞ্চলের জন্য ইপিজেড অত্যন্ত গুরুত্ব বহন করে।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














