চালের দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই: বাণিজ্য মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-১৫ ১৩:১০:৩৫
সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এ মুহূর্তে চালের দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই। সরকারের ভাবমূর্তি নষ্ট এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কোনো মহল কৃত্রিমভাবে দাম বাড়িয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া মন্ত্রী বলেন, ‘দেশে পর্যাপ্ত উদ্বৃত্ত চাল রয়েছে। আর বাজার চাহিদার প্রায় সব ধান-চালই এখন মিলারদের হাতে রয়েছে। তাই এখন চাল আমদানির কোনো চিন্তাই করছে না সরকার।’
টিপু মুনশি বলেন, ‘আগে থেকে আমি কাউকে সন্দেহ করতে চাই না। তবে ব্যবসায়ীরা ছোটখাটো সুযোগ পেলে নিয়ে থাকে। এ ধরনের অভিযোগ প্রমাণ হলে অবশ্যই ব্যবস্থা নিতে মন্ত্রণালয় বসে থাকবে না। তবে আশ্বস্ত হওয়ার বিষয় হচ্ছে- গত দুই দিন চালের মূল্য নতুন করে বাড়েনি, কমেওনি। অর্থাৎ স্থিতিশীল রয়েছে। জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে চালের দাম নামিয়ে আনতে কী করা যায়, তা নিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে কথা বলব।’
তিনি বলেন, ‘খাদ্য মন্ত্রণালয় যেন দ্রুত কাবিখা ও টিআরসহ বিভিন্ন সহযোগিতা চালু করে। এটা করলে চালের বাজার কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে।’
২ জানুয়ারি থেকে চালের দাম নতুন করে বাড়তে শুরু করে। বর্তমানে খুচরা পর্যায়ে ভালোমানের মিনিকেট চালের প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৮ টাকা; যা নির্বাচনের আগে ছিল ৫০ থেকে ৫২ টাকা। সে হিসাবে মিনিকেট চালের দাম কেজিতে বেড়েছে ৪ থেকে ৬ টাকা।
তবে সব থেকে বেশি বেড়েছে মাঝারি মানের চালের দাম। বর্তমানে মাঝারি মানের চাল বিআর-২৮ ও লতা চাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৮ টাকায়; যা আগে ছিল ৩৮ থেকে ৪২ টাকার মধ্যে।
অর্থাৎ নতুন বছরে মাঝারি মানের চালের দাম কেজিতে বেড়েছে ৬ টাকা। নির্বাচনের আগে ৩৪ থেকে ৩৬ টাকা কেজি বিক্রি হওয়া মোটা চালের দাম বেড়ে হয়েছে ৩৮ থেকে ৪০ টাকা। এ হিসাবে মোটা চালের দাম ৪ টাকা কেজিতে বেড়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














