মেডিকেল কলেজের দাবি জানাবে পুলিশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৮ ১৬:৫২:৫১


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বীকৃতিস্বরূপ এবার বিপিএম ও পিপিএম পদক পেতে যাচ্ছেন তিন শতাধিক পুলিশ সদস্য  । বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই তালিকায় রয়েছেন ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা  পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে কর্মকর্তাদের হাতে পদকগুলো তুলে দেবেন।

জানা গেছে, পুলিশ বাহিনীর পক্ষ থেকে নিজস্ব মেডিকেল কলেজের দাবি তোলা হবে। এছাড়া আরো থাকবে, আলাদা পুলিশ বিভাগ, আবাসন ও যানবাহন সুবিধা, ঝুঁকি ভাতা ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পদকে ফোর স্টার জেনারেলে রূপান্তর করার দাবি।

পুলিশ সদর দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে এই তথ্য জানা গেছে।

পুলিশ সপ্তাহের কর্মসূচি থেকে জানা গেছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর দুই লাখ সদস্যের জন্য রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে একটি হাসপাতাল রয়েছে। ইতোমধ্যে এর শয্যা সংখ্যা ১শ’ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে, ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ‘বর্তমান সরকারের আমলে পুলিশ সদস্য সংখ্যা যেমন বাড়ানো হয়েছে, সেই সঙ্গে বাড়ানো হয়েছে সুযোগ-সুবিধাও। এই বাহিনীর জন্য একটি নিজস্ব মেডিকেল কলেজ এবং অন্তত বিভাগীয় পর্যায়ে পুলিশ হাসপাতাল নির্মাণ ন্যায্য দাবিতে পরিণত হয়েছে। এছাড়া পুলিশ বাহিনীর সেবার মান বাড়াতে প্রথম শ্রেণির কর্মকর্তাদের পদসংখ্যা বাড়ানো, আবাসন সংকট দূর করা ও থানাগুলোতে যানবাহন ও লোকবল বাড়ানোর বিষয়ে আলোচনা হচ্ছে।’

পুলিশ সদর দফতরের মিডিয়া শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা  বলেন, ‘পুলিশ সপ্তাহের প্রস্তুতির কাজ চলছে। বর্ণাঢ্য নানা আয়োজন থাকবে এই অনুষ্ঠানে। বছরজুড়ে পুলিশের যেসব কর্মকর্তা ভালো কাজ করেছেন, তাদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি পুলিশি সেবার মান বাড়াতে নানা দাবিও তুলে ধরা হবে।’

পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশ সপ্তাহ সফলভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতির বিষয়ে পুলিশের কর্তাব্যক্তিদের নিয়ে বৈঠকও করেছেন।