বিশ্বে ইলিশ উৎপাদনে প্রথম স্থানে বাংলাদেশ

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০১-২৮ ১৯:০৪:৪০


মাছ উৎপাদনে এখন বিশ্বে তৃতীয়  অবস্থানে রয়েছে বাংলাদেশ  আর ইলিশ উৎপাদনে প্রথম। বিশ্বে ইলিশ উৎপাদনের ৭৫ শতাংশই বাংলাদেশে হচ্ছে। ২০১৭-১৮ অর্থবছরে মোট ৫ লাখ ১৭ হাজার টন ইলিশ উৎপাদন হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ বিজ্ঞানীরা বলছেন, ইলিশের উৎপাদন যে হারে বাড়ছে তাতে আগামী কয়েক বছরে উৎপাদন আরও বাড়বে। সে সময় বিশ্বের প্রায় ৮০-৯০ শতাংশ ইলিশ উৎপাদনের দেশ হবে বাংলাদেশ। ২০২২ সালে বাংলাদেশ হবে শীর্ষ মাছ উৎপাদনকারী দেশ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে ইলিশ আহরণে রেকর্ড করেছে বাংলাদেশ। ২০১৭-১৮ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদিত হয়েছে ৫ লাখ ১৭ হাজার টন। যা ২০১৬-১৭ অর্থবছরের চেয়ে ২১ হাজার টন বেশি। গত ১০ বছরে দেশে ইলিশ উৎপাদন বেড়েছে প্রায় দ্বিগুণ। তথ্যানুযায়ী ২০০৭-০৮ অর্থবছরের দেশে ইলিশ উৎপাদন ছিল মাত্র ২ লাখ ৯০ হাজার টন। যা এবার ৫ লাখ টন ছাড়িয়েছে।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে এক নম্বর মডেল হবে। এ অর্জন শুধুই সম্ভব হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত চিন্তা-ভাবনার কারণে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ জানান, মাছে-ভাতে বাঙালি- এ স্লোগান আমরা বহু বছর আগ থেকেই শুনে আসছি। এখন আমরা দিন দিন মাছ উৎপাদনে বিশ্বের শীর্ষ স্থানে পৌঁছেছি। ইলিশ আমাদের ঐতিহ্য, গর্বের নাম। দেশে ইলিশের উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকার মা ইলিশ ও জাটকা ধরা নিষিদ্ধকালীন জেলেদের খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করায় ইলিশ উৎপাদন রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ২০১৭-১৮ অর্থবছরে ৫ লাখ ১৭ হাজার টন ইলিশ উৎপাদন হয়েছে। দেশে মোট মৎস্য উৎপাদনের ১২ শতাংশ ইলিশ। এ ছাড়া বর্তমানে দেশের জিডিপিতে প্রায় ১ শতাংশ অবদান রাখছে ইলিশ।

বিএফআরআই সূত্রে জানা যায়, বাংলাদেশে মোট ৩ প্রজাতির ইলিশ পাওয়া যায়। এর মধ্যে ২টি (চন্দনা ও গোর্তা ইলিশ) সারা জীবন উপকূল ও সাগরে কাটায় এবং অপর ১টি মিঠা পানি ও লোনা পানিতে জীবন অতিবাহিত করে। ইলিশ স্রোতের বিপরীতে দৈনিক ৭১ কিলোমিটার অভিপ্রয়াণ করতে পারে। পৃথিবীর মোট ১১টি দেশে বর্তমানে ইলিশ পাওয়া যায়। দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড। বিশ্বে আহরিত ইলিশের প্রায় ৭৫ ভাগ বাংলাদেশ আহরণ করে। দ্বিতীয় অবস্থানে আছে, মিয়ানমার এবং ৩য় অবস্থানে ভারত। ১০ বছর আগে দেশের ২১টি উপজেলার নদ-নদীতে ইলিশ পাওয়া যেত। বর্তমানে ১২৫টি উপজেলার নদ-নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে।