বেড়েছে মাংসের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৮ ১২:৪৯:১৮


রাজধানীর কাঁচবাজারগুলোতে সবজির দা্ম না বাড়লেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগি ও গরুর মাংসের দাম ।  প্রতি কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১০ টাকা এবং গরুর মাংসের দাম বাজারভেদে কেজিতে বেড়েছে ২০ টাকা। তবে মাছ ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে ।

শুক্রবার ৮ ফেব্রুয়ারী রাজধানীর কারওয়ানবাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও বাজার ঘুরে এমন  তথ্য পাওয়া গেছে।

রামপুরা ও খিলগাঁও অঞ্চলের বাজাগুলোতে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয় ১৩৫ টাকা থেকে ১৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে এ সব বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা।

ব্রয়লার মুরগির দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে লাল লেয়ার ও পাকিস্তানি কক মুরগি। লাল লেয়ার মুরগি আগের সপ্তাহের মতোই বিক্রি হচ্ছে ১৯৫ টাকা থেকে ২০৫ টাকায়। আর পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা কেজি দরে।

ব্রয়লার মুরগির দামের বিষয়ে খিলগাঁওয়ের একজন ব্যবসায়ী বলেন, প্রায় এক মাস ধরে মুরগির দাম বাড়ছে। যে পরিমাণ চাহিদা রয়েছে, সে হারে ফার্ম থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে না। এ কারণেই হয়তো বয়লার মুরগির দাম বেড়েছে।

এ ব্যবসায়ী আরো বলেন, প্রথমে দাম বেড়েছে পাকিস্তানি কক মুরগির। তবে বেশ কিছুদিন ধরেই পাকিস্তানি কক মুরগির কেজি ২৬০ থেকে ২৮০ টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর ব্রয়লার মুরগির দাম বাড়ছে প্রায় এক মাস ধরে। বেশ কিছুদিন ব্রয়লার মুরগির কেজি ১৩৫ টাকায় স্থিতিশীল ছিল। কিন্তু গত সপ্তাহে এক লাফে কেজিতে ১০ টাকা বেড়েছে।

এদিকে গত সপ্তাহে রামপুরা, খিলগাঁও ও মালিবাগ অঞ্চলের বেশ কিছু ব্যবসায়ী গরুর মাংস ৪৮০ টাকা কেজিতে বিক্রি করলেও এখন কোনো ব্যবসায়ী ৫০০ টাকার নিচে গরুর মাংস বিক্রি করছেন না।

গরুর মাংসের দামের বিষয়ে  একজন ব্যবসায়ী বলেন, আমরা নিজেরা গরু জবাই করি না। মাংস কিনে এনে বিক্রি করি। গত সপ্তাহে গরুর মাংস বিক্রি করেছি ৪৮০ টাকায়। কিন্তু এখন আমাদেরই ৪৮০ টাকা কেজি কিনতে হচ্ছে। যে কারণে ৫০০ টাকার নিচে গরুর মাংস বিক্রি করার উপায় নেই।

বাজারে এখন সব ধরনের মুরগির দাম চড়া থাকায় এর কিছুটা প্রভাব পড়েছে গরুর মাংসের দামে। এ ছাড়া এখন গরু কিনতে হচ্ছে বাড়তি দামে, যে কারণে মাংসের দাম বেড়েছে।

ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে খাসি ও মাছের দাম। খাসির মাংস আগের মতই ৬৫০ টাকা থেকে ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

রুই মাছ বাজারে বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ৫০০ টাকা কেজিতে। পাবদা মাছ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে। টেংরা মাছের কেজি ৫০০ থেকে ৬৫০ টাকা, তেলাপিয়া মাছ ১৪০ থেকে ১৮০ টাকা, পাঙাশ মাছ ১২০ টাকা থেকে ১৬০ টাকা, শিং মাছ ৪০০ থেকে ৬০০ টাকা, বোয়াল মাছ ৫০০ থেকে ৮০০ টাকা, চিতল মাছ ৫০০ থেকে ৮০০ টাকা কেজি।

এদিকে টমেটো, বেগুন, গাজর, মুলা, শালগম, শিম, নতুন আলু, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, পালন শাকসহ হরেক রকম শাক-সবজির সরবরাহে ঘাটতি না থাকায় সপ্তাহের ব্যবধানে দাম অপরিবর্তিত রয়েছে।

অবশ্য বেশিরভাগ সবজির দাম তুলনামূলক কম থাকলেও এখনও চড়া দামে বিক্রি হচ্ছে করলা, লাউ ও ধুন্দল। করলার কেজি ৬০ থেকে ৭০ টাকা, লাউ ৫০ থেকে ৭০ টাকা আর ধুন্দুলের কেজি ৪০ থেকে ৫০ টাকা। এ তিনটি সবজির দামও সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।