ঢাকায় “সেমস গ্লোবালের” তিনদিন ব্যাপী প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৩-০৫ ১৭:৩২:২৮


‘সেমস গ্লোবাল’ আয়োজন করছে  আন্তর্জাতিক মানের চারটি ভিন্ন ক্যটাগরির প্রদর্শনী। প্রদর্শনীগুলো যথাক্রমে “১৪ তম ঢাকা মোটর শো ২০১৯”, “৫ম  ঢাকা বাইক শো ২০১৯”, “৪র্থ ঢাকা  অটোপার্টস শো ২০১৯” এবং “৩য় ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০১৯ ”। আগামী ১৪-১৬  মার্চ ২০১৯ তারিখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা ( বিআইসিসি ), ঢাকায় তিন দিনব্যাপী এ্ই আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে ।

আজ মঙ্গলবার (৫ই মার্চ ) রাজধানীর পল্টন টাওয়ারে  ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের কনফারেন্স রুমে ‘সেমস গ্লোবাল’ কর্তৃক আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান ‘সেমস গ্লোবালের’ সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক  মেহেরুন এন ইসলাম।

বিজ্ঞপ্তিতে মেহেরুন এন ইসলাম বলেন, এ প্রদর্শনী নতুন যানবাহন ও দ্রুত বর্ধনশীল বাজার বৃদ্ধির জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম এবং বাংলাদেশের অটো শিল্পের ব্যবসার জন্য গত ১৩ বছর যাবত এক নতুন মাইলফলক হিসেবে কাজ করে যাচ্ছে।  বাংলাদেশে অটো শিল্পের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং দেশটিতে মোটর গাড়ি আমদানির পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

তিনি আরো বলেন,সামাজিক দায়বদ্ধতার বিবেচনায় আমরা অপ্রশিক্ষিত গাড়ী চালক ও ফিটনেস বিহীন গাড়ীর ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে কাজ করব।

জানা যায়, এ বছর প্রদর্শনীতে দেখা মিলবে ব্র্যান্ড নিউ মোটর বাইক, স্কুটার , স্পোর্টস ইউটিলিটি যানবহন,  বাণিজ্যিক যানবাহন,বাস,ট্রাক, থ্রি হুইলার, বিকল্প শক্তি চালিত যানবাহন ইত্যাদি ।

এছাড়াও প্রদর্শনীতে থাকবে  স্বয়ংচালিত সামগ্রী, খুচরা যন্ত্রাংশ, আনুষঙ্গিক বীমা পণ্য ও পরিসেবা,অটো ফাইন্যান্স অ্যান্ড লিজিং, অটো ইলেকট্রনিক্স, টায়ার ও হুইল। এ বছর  অনেক স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান প্রদর্শনীতে বিভিন্ন ধরনের অটোমোবাইল ঋণের  অফার নিয়ে অংশগ্রহণ করবে।

প্রদর্শনীতে অংশগ্রহনকারী কোম্পানীরা বলছে, নতুন কোন চমক দেবার পাশাপাশি ক্রেতাদের ভিন্ন রকমের অভিজ্ঞতার মুখোমুখি করতে সকল ধরনের প্রস্তুতি এরই মধ্যে নেয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিটিতে আরো উপস্থিত ছিলেন,সুজুকি ব্র্যান্ডের বিক্রয় বিভাগের প্রধান এ.কে.এম তাওহীদুর রহমান,এনার্জিপ্যাকের সহযোগী ব্যবস্থাপক ফায়াজ এইচ চৌধুরীসহ সেমস গ্লোবালের প্রতিনিধিরা।

প্রদর্শনী  প্রতিদিন সকাল ১০:৩০ থেকে সন্ধ্যা ৮:৩০ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.cemsonline.com

সান বিডি/রাশেদ মোবারাক