গ্রিন বাজেটে ১৩৯৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৬ ১৭:২৮:৪৯
জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আসন্ন বাজেটে গ্রিন বাজেট প্রণয়নের সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এ বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন দফতর ও অধিদফতরের জন্য ১ হাজার ৩৯৮ কোটি ১৫ লাখ টাকা রাখার প্রস্তাব করা হয়েছে।
বুধবার ৬ র্মাচ জাতীয় সংসদ ভবনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, জাফর আলম এবং মো. রেজাউল করিম বাবলু অংশ নেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গাইডলাইন অনুযায়ী বায়ু দূষণের মাত্রা বা ‘কোয়ালিটি ইনডেক্স’ ৩০০ এর উপরে উঠলে মন্ত্রণালয় কর্তৃক জনসচেতনতা সৃষ্টির লক্ষে হেলথ এলার্ট ইস্যু করার বিষয়ে বৈঠকে সুপারিশ করা হয়েছে। তাছাড়া সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে পরিবেশ দূষণ হ্রাসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষে জরুরি ভিত্তিতে সমন্বয় সভা আহ্বানের সুপারিশ করা হয়।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














