আগামী ৫ বছরে জিডিপির প্রবৃদ্ধি হবে দুই অঙ্কের : অর্থমন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৭ ১৬:০২:০৯


আগামী ৫ বছরের মধ্যে জিডিপির প্রবৃদ্ধি দুই অঙ্কের হবে বলে আশাপ্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ।

বৃহস্পতিবার  ৭ র্মাচ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সৌদি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতৎকালে অর্থমন্ত্রী বলেন, শেষ তিন বছরে আমাদের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭.১১, ৭.২৮ এবং ৭.৮৬ শতাংশ। আমরা আশা করছি, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৮.১১ থেকে ৮.২৫ শতাংশ হবে।

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের আশা ২০৩০ সালের মধ্যে ৩১তম এবং ২০৪১ সালে ২০তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।

অর্থমন্ত্রী বলেন, শেষ বছরে ২৮৭ হাজার বাংলাদেশি হজ ও ওমরাহ পালন করেছে । এছাড়া প্রতিবছর হজ ও ওমরাহ পালনের সংখ্যা বাড়ছে।

সৌদি আরবে ২.৮ মিলিয়ন বাংলাদেশি আছে উল্লেখ করে তিনি বলেন, শেষ বছরে আমরা সৌদি থেকে ২.৬ বিলিয়ন ইউএস ডলার রেমিটেন্স পেয়েছি, যা দেশের মোট রেমিটেন্সের প্রায় ১৮ শতাংশ।