সমুদ্র বন্দর উন্নয়নে বেলজিয়ামের প্রতি বিনিয়োগের আহবান
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-১২ ১৯:৫২:২৩
বাংলাদেশে বিশেষ করে সমুদ্র বন্দর ব্যবস্থাপনায় উন্নয়নে বেলজিয়ামের উদ্দ্যোক্তাদের বিনিয়োগের আহবান জানিয়েছেন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি ওসামা তাসীর।
এছাড়া ঢাকা চেম্বারের সভাপতি বেলজিয়ামের উদ্যোক্তাদের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, হোম টেক্সটাইল, জাহাজ নির্মাণ, ফার্মাসিউটিক্যাল, কৃষি ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ, চামড়া ও পাদুকা, তথ্য-প্রযুক্তি, লাইট ইঞ্জিনিয়ারিং, অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিনিয়োগের আহবান জানান।
১২ মার্চ, ২০১৯ তারিখে ঢাকা চেম্বার কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাৎকার অনুষ্ঠানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি ওসামা তাসীর-ভারতে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত ফ্রাসোয়া ডেলহাই’র সাথে সাক্ষাৎকালে এ আহবান জানান।
ঢাকা চেম্বারের সভাপতি ওসামা তাসীর বেলজিয়ামের রাষ্ট্রদূতকে ডিসিসিআইতে আসার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৮২১.০৪৩ মিলিয়ন মার্কিন ডলার; এবং দুদেশের মধ্যকার বাণিজ্য আরো সম্প্রসারণর লক্ষ্যে বাংলাদেশে বেলজিয়ামের দূতাবাস খোলার আহবান জানান, এটি দুদেশের জনগণের দ্রুততম সময়ে ভিসা প্রাপ্তিসহ অন্যান্য সেবা নিশ্চিত করবে বলে, তিনি মত প্রকাশ করেন।
বেলজিয়ামের রাষ্ট্রদূত ফ্রাসোয়া ডেলহাই বলেন, বাংলাদেশ বিনিয়োগের অনেক সম্ভাবনাময় খাত রয়েছে এবং বেলজিয়ামের উদ্যোক্তাবৃন্দ বিদ্যুৎ ও জ্বালানি, বন্দর স্থাপন ও ব্যবস্থাপনা, ড্রেজিং, পাট ও পাটজাত পণ্য, কৃষি ও কৃষি পণ্য প্রক্রিয়াকরণ প্রভৃতি খাতে বিনিয়োগে আগ্রহী। তিনি জানান, বাংলাদেশে বেলজিয়ামের বিনিয়োগ সম্প্রসারণের জন্য এ বছরের শেষ নাগাদ বেলজিয়ামের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। রাষ্ট্রদূত বেলজিয়াম সহ ইউরোপের অন্যান্য দেশে বাংলাদেশি উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণে ঢাকা চেম্বার হতে প্রতিনিধিদল প্রেরণের প্রস্তাব করেন।
তিনি আরোও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য গবেষণা ও উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেলজিয়ামের উদ্যোক্তাবৃন্দ বাংলাদেশে নতুন নতুন পণ্য উদ্ভাবনে গবেষণা পরিচালনা, প্রযুক্তির সম্প্রসারণে সহায়তা প্রদান করতে পারে এবং এধরনের প্রতিষ্ঠান বাংলাদেশে আরোও বেশি হারে বিনিয়োগ করলে, স্থানীয় জনগনের দক্ষতা বাড়ার পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণ হবে।
আরো উপস্থিত ছিলেন, ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ইমরান আহমেদ, বেলজিয়াম দূতাবাসের ইকোনিক কাউন্সিলর গিলেম শকে এবং ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক কমিশনার হিউবার্ট গোফিনে উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














