বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক ক্ষেত্রে ঐকমত্য জরুরি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-১৩ ১৫:৫৫:০৭


বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাংলাদেশ-ভারত দুই দেশকে নীতিগতভাবে একসঙ্গে এগোনোর পরামর্শ দিলেন ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) প্রেসিডেন্ট ড. সামির সরণ।

প্রেসিডেন্ট ড. সামির সরণ বলেন, ‘দুই দেশের পারস্পারিক স্বার্থেই বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যিক নীতিতে ঐকমত্যে আসা জরুরি।’

বুধবার (১৩ র্মাচ) রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সামির সরণ।

আলোচনা সভায় ওআরএফ এর প্রেসিডেন্ট আরো বলেন, ‘প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক উন্নয়নে সবার আগে জনগণ ও গোষ্ঠীগত সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে।’ব্যবসায়ী, রাজনীতিবিদ কিংবা সাংস্কৃতিক যোগাযোগ আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ভূ-রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি সঠিক পথে আছে বলেও মন্তব্য করেন ড. সামির।

রোহিঙ্গা ইস্যু  কিংবা চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ তাঁর স্বার্থের কথা চিন্তা করেই এগোবে বলে মনে করেন ওআরএফের প্রেসিডেন্ট। তবে দক্ষিণ এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতকে তাদের দ্বিপক্ষীয় স্বার্থের বিষয়টি বিবেচনায় আনার পরামর্শ দেন তিনি।