বিসিআইসির ১৩ প্রতিষ্ঠানকে লাভজনক করুন: শিল্পমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-২০ ১৮:৫৩:০১
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আওতাধীন ১৩টি প্রতিষ্ঠানকে লাভজনক করার আহ্বান জানিয়েছেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন। তিনি বলেন, শিল্প-কারখানা লাভজনক হলে এর সুফল শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা নির্বিশেষে সবাই ভোগ করবে।
রাজধানীর বিসিআইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান শিল্পমন্ত্রী।
অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ আরো বক্তব্য রাখেন শিল্প সচিব মো. আবদুল হালিম ও বিসিআইসির চেয়ারম্যান মো. হাইয়ুল কাইয়ুম।
এসময় শিল্পমন্ত্রী বিসিআইসির আওতাধীন ১৩টি প্রতিষ্ঠানকে লাভজনক করতে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতীতের অভিজ্ঞতার আলোকে উৎপাদনক্ষমতার সর্বোচ্চ ব্যবহার ও প্রয়োজনীয় ক্ষেত্রে আধুনিকায়নের উদ্যোগ নিয়ে এগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের পরামর্শ দেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানা লাভজনক করার জন্য দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে কাজ করুন।শিল্প-কারখানা লাভজনক করতে পারলে এর সুফল শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা নির্বিশেষে সবাই ভোগ করবে এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করা সম্ভব হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে দেশের ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাতকে উন্নয়ন ও উৎপাদনের কাজে লাগাতে হবে। এ লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানার শ্রমিক ইউনিয়ন নেতাদের নিয়মিত কাজ করতে হবে এবং সাধারণ শ্রমিকদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
প্রশাসনিক কাজে ট্রেড ইউনিয়ন নেতাদের অবৈধ হস্তক্ষেপ মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের গাড়ি অবৈধভাবে ব্যবহার কিংবা আন্দোলনের নামে উৎপাদন ব্যাহত করার মতো যেকোনো অনিয়ম মোকাবেলায় বিসিআইসি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে কঠোর হতে হবে। একই সঙ্গে তিনি কারখানা পর্যায়ে শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিন ধরে অস্থায়ী পদে কর্মরতদের পদ স্থায়ীকরণের ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বিসিআইসি সংবর্ধনা অনুষ্ঠানের আগে ভারতের পশ্চিমবঙ্গের দ্য বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এক প্রতিনিধি দল শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে তাদের দপ্তরে সাক্ষাৎ করেন। এ সময় তারা শিল্প খাতে দ্বিপক্ষীয় সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠেয় মেলায় বাংলাদেশকে এরই মধ্যে ‘হাই লাইটেড কান্ট্রি’ হিসেবে মনোনীত করা হয়েছে। তারা ভারতে অনুষ্ঠেয় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার ২০১৯-এ অংশগ্রহণের জন্য শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
আসন্ন মেলায় ‘হাইলাইটেড কান্ট্রি’ হিসেবে বাংলাদেশকে মনোনীত করায় শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। তারা এ মেলায় অংশ নিতে ইতিবাচক মনোভাব পোষণ করেন।
অনুষ্ঠানে দ্য বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বিপণন বিভাগের সচিব উৎপল রায়সহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














