হৃদয়ের প্রাইভেট পড়া শেষে ফেরা হলনা বাড়ি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৯-০৩-২১ ১১:৩২:০৩


সিরাজগঞ্জের কামারখন্দে কাভার্ড ভ্যান চাপায় হৃদয় (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই পথচারী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন চার লেন মহাসড়কে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় বাজার ভদ্রঘাট গ্রামের হায়দার আলীর ছেলে ও ধুকুরিয়া কারিগরি কলেজের এইসএসচি পরীক্ষার্থী।

এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল হৃদয়। ফেরার পথে এসিআই অ্যাগ্রো লিমিটেড কোম্পানির কেমিক্যালবাহী একটি কাভার্ড ভ্যান ভদ্রঘাট বাজারের পশ্চিম পাশে তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হৃদয় মারা যান। আহত হন আরও দুই পথচারী।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, কাভার্ড ভ্যানচাপায় কলেজছাত্রের মৃত্যু হওয়ায় এলাকাবাসী গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেছে।