যাত্রাবাড়ীতে ১০ টন জাটকা জব্দ, ৯ জনকে কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-২২ ১৪:০৯:২১
রাজধানীর যাত্রাবাড়ীতে মাছের আড়তে অভিযান চালিয়ে ১০ টন জাটকা ইলিশ জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৯ জনকে এক বছর করে কারাদণ্ডও দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে মৎস্য অধিদফতরের সহায়তায় র্যাব ১০-এর সদস্যরা এ অভিযান পরিচালনা করে। অভিযান চলে সকাল সাড়ে নয়টা পর্যন্ত।
অভিযানের নেতৃত্ব দেন র্যাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি বলেন, ‘যে মাছগুলো জব্দ করা হয়েছে তার পরিমাণ ১০ টন। একেকটি মাছের সাইজ ৩ থেকে ৫ ইঞ্চি। এছাড়া প্রতিটি মাছের ওজন ১৫০ থেকে ২০০ গ্রাম পর্যন্ত।’
এ ধরণের ইলিশ মাছ ধরা যেমন অপরাধ তেমনি বিক্রি, বহন ও সংরক্ষণ করাও অপরাধ উল্লেখ করে তিনি বলেন, ‘একই সঙ্গে যারা এই মাছ কিনবে তাদেরও অপরাধ হবে। এর আগেও আমরা এসব আড়তে অভিযান চালিয়েছিলাম। টনে টনে মাছ জব্দ করা হয়েছিল। তাই এবার তাদের (৯ জনকে) একবছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।’
এছাড়া জব্দ হওয়া মাছগুলো যাত্রাবাড়ী ও ডেমরা এলাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














