এফবিসিসিআই অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-২৪ ১৬:২৪:১৩


ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) গঠনতন্ত্র অনুযায়ী এবার সংগঠনটির সভাপতি নির্বাচিত হবেন চেম্বার গ্রুপ থেকে। ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের প্রধান পদে শেখ ফজলে ফাহিমকে সমর্থন দিয়েছেন কাউন্সিল অব চেম্বারস প্রতিনিধিরা। তিনি এখন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি।

আগামী ২৭ এপ্রিল এফবিসিসিআই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে নির্বাচনী প্যানেল ‘সম্মিলত ব্যবসায়ী পরিষদ’ গঠন করা হয়েছে।

আজ রবিবার(২৪ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ব্যবসায়ীদের একটি সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হবে। ফজলে ফাহিমের অগ্রাধিকারে মধ্যে রয়েছে এফবিসিসিআই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা। নির্বাচিত হলে গবেষণায় এ সংগঠনটির উৎকর্ষ বাড়ানোর জন্য তাঁর পরিকল্পনা নিয়ে গতকাল শনিবার কালের কণ্ঠ’র সঙ্গে বিস্তারিত আলাপ করেন এই ব্যবসায়ী নেতা।

শেখ ফজলে ফাহিম বলেন, “এফবিসিসিআইকে আরো জনমুখী ব্যবসায়ীবান্ধব করতে ফেডারেশনের সদস্যরা একটি গতিশীল নেতৃত্ব নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসায়ী প্রতিনিধিদের প্রত্যাশা অনুযায়ী আসন্ন নির্বাচনে আমরা ভারসাম্যপূর্ণ ও সমন্বিত প্ল্যাটফর্ম ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ গঠন করেছি। আমাদের বিশ্বাস, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ব্যবসায়ীদের আস্থা ও মর্যাদা সমুন্নত রাখতে সক্ষম হবে।”

নির্বাচিত হলে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবেন উল্লেখ করে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘বাংলাদেশের ভিশন-২০৪১-এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এরই মধ্যে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে পাঁচটি প্রকল্প হাতে নিয়েছি। নির্বাচিত হলে আমাদের প্রথম কাজ হবে এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সার্বিকভাবে ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেবে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।’

পাঁচটি প্রকল্পের মধ্যে রয়েছে এফবিসিসিআই ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউট, যেখানে প্রশিক্ষণ প্রদান করবে পলিসি প্ল্যানিং অ্যান্ড ডিজাইনের গ্লোবাল অথরিটি জ্যাকভ অ্যান্ড কার্ডোভা। এ ছাড়া এফবিসিসিআই টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেনিংয়ের (টিভিইটি) জন্য দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহায়তায় যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করা হবে। ক্রমান্বয়ে অঞ্চলভিত্তিক চেম্বার ও খাতভিত্তিক অ্যাসোসিয়েশনগুলোতে এফবিসিসিআই টিভিইটি ক্যাম্পাস এবং এফবিসিসিআই এডিআর (অলটারনেট ডিসপুট রেজল্যুশন) সেন্টার স্থাপন করা হবে। এফবিসিসিআইয়ের বর্তমান বোর্ড এফবিসিসিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এফআইইউ) প্রতিষ্ঠা করতে কাজ করছে।

এ বিশ্ববিদ্যালয় নিয়ে তাঁর স্বপ্নের কথা জানালেন তিনি। ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে বিহেভিওরাল ইকোনমিকস, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত (এসটিইএম) ভিত্তিক বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাঠ্যক্রম তৈরি করা। আমাদের টার্গেট হচ্ছে গ্লোবাল ভ্যালু চেন, ব্লু ইকোনমি এবং চতুর্থ শিল্প বিপ্লবের অংশ হতে এমএসএমইকে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং করা।’

তরুণ এবং নারী উদ্যোক্তাদের নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এফবিসিসিআই টিপস’ নতুন উদ্যোক্তা, এই প্রগ্রামের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের মাঝে ব্যবসাসংক্রান্ত অ্যাওয়ারনেস তুলে ধরবে এফবিসিসিআই। এ ছাড়া তাদের অর্থায়ন সহজলভ্য করতে কাজ করবে।