শিল্প কারখানায় অগ্নি নিরাপত্তায় অর্থ বিনিয়োগে গুরুত্বারোপ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৩-২৪ ১৮:২১:৩৬
বিভিন্ন শিল্প কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনায় আগুন লাগা প্রতিরোধ এবং কোন কারণে আগুনের সূত্রপাত হলে তা নির্বাপণে করণীয় বিষয়ে এক তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষন অনুষ্ঠানে প্রত্যেক ব্যবসা, শিল্প কারখানায় অগ্নি নিরাপত্তায় একটি নির্দিষ্ট পরিমান অর্থ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।
রবিবার (২৪ মার্চ) এফবিসিসিআই মিলনায়তনে এই প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে এফবিসিসিআই অধিভূক্ত বাংলাদেশ কেমিকেল পারফিউমারি মার্চেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ পেইন্ট, ডাইস এন্ড কেমিকেল মার্চেন্টস এসোসিয়েশন এবং বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স এসোসিয়েশনের প্রায় ৩০ জন প্রতিনিধি অংশ নেন। প্রশিক্ষণ অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। কর্মসূচির তিনটি সেশনে ক্লাসে তাত্ত্বিক প্রশিক্ষণ দেয়ার পর ব্যবহারিক প্রশিক্ষণও প্রদান করা হয়। মতিঝিলের মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে কৃত্রিমভাবে আগুন লাগিয়ে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং আগুন নেভানোর মহড়া দেয়া হয়।
উল্লেখ্য যে, গত ২১ ফেব্রুয়ারি পুরনো ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটার পর থেকেই এফবিসিসিআই তা পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক করণীয়সহ দীর্ঘমেয়াদী সমাধান প্রক্রিয়া নিয়ে কাজ করে চলেছে। অগ্নিদূর্ঘটনার পর থেকে এফবিসিসিআই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং সরকারের অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ পুরনো ঢাকার এসোসিয়েশনগুলোর সমন্বয়ে কাজ করে যাচ্ছে।
আজকের প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের নাগরিকদের এবং সম্পদের নিরাপত্তায় অগ্নি নির্বাপণ বিভাগের পর্যাপ্ত রিসোর্স থাকার ওপর গুরুত্ব দেয়া হয়। এছাড়াও সকল ভবনে ‘ফায়ার এক্সটিংগুইসার’ স্থাপন এবং আগুনের ধরণ অনুযায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত ধারণা দেয়া হয়। উল্লেখ্য যে, এফবিসিসিআইয়ের অধিভূক্ত এসোসিয়েশনগুলো পরবর্তীতে এ ধরণের প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করতে চাইলে এফবিসিসিআই থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এফবিসিসিআই ভারপ্রাপ্ত মহাসচিব জনাব হোসাইন জামিল সকালে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রশিক্ষণের তিনটি সেশন পরিচালনা করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক মি. দিলীপ কুমার ঘোষ এবং উপ-সহকারি পরিচালক খন্দকার আব্দুল জলিল ও জনাব আনোয়ারুল হক।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














