জাপানীজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য জমি হস্তান্তর অনুষ্ঠান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-২৪ ১৯:৩৮:১৭


নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রায় ১০০০ একর জমির ওপর গড়ে তোলা হবে জাপানীজ অর্থনৈতিক অঞ্চল। অঞ্চলটিতে ডেভেলপার হিসেবে কাজ করবে জাপানের বিশ্ববিখ্যাত কোম্পানি সুমিতোমো করপোরেশান। ৫০০ একর প্রথমে এবং পরবর্তীতে বর্ধিত ৫০০ একর হিসেবে জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এর অংশ হিসেবে জেলা প্রশাসন থেকে ৫০০ একর জমি আজ বেজার কাছে হস্তান্তর করা হবে।

রবিবার(২৪ মার্চ) বেজা সভাকক্ষে জাপানীজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নিমিত্ত জমি হস্তান্তরের এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইতোমধ্যে সুমিতোমো করপোরেশানের সাথে জয়েন্ট ভেঞ্চার চুক্তির প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মাধ্যমে দেশী ও বিদেশী বিনিয়োগ আকর্ষণ, দেশে শিল্পায়নের বিকাশ এবং আমদানী বৃদ্ধি করাসহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করাই প্রকল্পের লক্ষ্য। প্রকল্পের আওতায় জিটুজি ভিত্তিতে জাপানীজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মাধ্যমে জাপানী বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্ট করা হবে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মাধ্যমে চীন, জাপান, ভারতসহ বিভিন্ন দেশের সাথে আন্তঃসম্পর্ক উন্নয়ন ও সুদৃঢ়করণ, উৎপাদন বৃদ্ধি এবং পারস্পরিক ব্যবসায়িক লেনদেন ত্বরান্বিত করার দ্বারা সরকারের টেঁকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম বাবু এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া।

জাপানীজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

জাপানীজ অর্থনৈতিক অঞ্চ স্থাপনের সু-নির্দিষ্ট উদ্দেশ্য :

– টেঁকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য ভিন্ন ভিন্ন প্রকৃতির শিল্প স্থাপনের সুবিধা সম্প্রসারণ;

– জাপানিজ বিনিয়োগকারীদের বিনিয়োগ আকর্ষণের অনুকূল পরিবেশ তৈরী করা;

–  কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচন, দেশের সুষম অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করা।

সভাপতির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, জাপানীজ অঞ্চল গড়ে তোলা বেজার জন্য একটি মাইলফলক এবং ঐতিহাসিক ঘটনা। তিনি বলেন, বেজা অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে জিটুজি ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নিমিত্ত  নানা পরিকল্পনা হাতে নিয়েছে।  তিনি আরো বলেন, জাপানীজ অর্থনৈতিক অঞ্চলে জাপানী বিনিয়োগকারীরা পরিকল্পিত এবং পরিবেশবান্ধব শিল্পাঞ্চল গড়ে তুলবে। তিনি এ অঞ্চল স্থাপনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম বাবু বেজার কার্যক্রমকে অভিন্দন জানিয়ে বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হলে পরিকল্পিত শিল্পায়নের পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিত হবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া বেজার মহাব্যবস্থাপক, বিনিয়োগ উন্নয়ন মোঃ মনিরুজ্জামানকে জমি হস্তান্তর করেন।