ত্রুটির্পূণ বহুতল ভবনের সন্ধানে রাজউকের অভিযান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০১ ১৩:৫১:১৭


রাজধানীর  বিভিন্ন এলাকায় ত্রুটিপূর্ণ বহুতল ভবনের সন্ধানে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (১ এপ্রিল) সকাল থেকে রাজউকের ৮টি জোনের অধীনে ২৪টি টিম এ অভিযান শুরু করে।

রাজউকের  বিভিন্ন জোনের অথোরাইজড অফিসার, সহকারী অথোরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে ১০ তলা ভবনের ওপরের বহুতল ভবনগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

অভিযানের শুরুতে  রাজউকের পরিচালক (অ্যাডমিন) ও জোন-৬ (মতিঝিল, ভুলতা) এর অথোরাইজড অফিসার খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে দৈনিক বাংলা এলাকায় তথ্য সংগ্রহ  শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত আল আরাফা টাওয়ার ও আইএফআইসি ব্যাংক টাওয়ার পরিদর্শন করে তথ্য সংগ্রহ করা হয়। তবে  এই ভবন দু’টিতে কোনও সমস্যা পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে খন্দকার অলিউর রহমান বলেন, ‘আমরা সকাল থেকে অভিযান শুরু করেছি।  ভবনগুলোতে কোনও ধরনের ত্রুটি আছে কি না,  ফায়ার নিরাপত্তা আছে কি না এসব পরীক্ষা করা হচ্ছে।’

এছাড়া জোন-১ এর পরিচালক মো. আবদুল মতিন ও অথোরাইজড অফিসার সরদার মুহাম্ম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে আশুলিয়া ও ধামসোনা, জোন-২ এর অথোরাইজড অফিসার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে উত্তরা, টঙ্গী ও গাজীপুর এলাকা, জোন-৩ এর পরিচালক, মু. খায়রুজ্জামান ও অথোরাইজড অফিসার মো. মোবারক হোসেনের নেতৃত্বে সাভার ও মিরপুর, জোন-৪ এর পরিচালক মোহাম্মদ মামুন মিয়া ও অথোরাইজড অফিসার সেগুফতা শারমীনের নেতৃত্বে গুলশান, বনানী, মহাখালী ও পূর্বাচল,  জোন-৫ এর পরিচালক মো. শাহ আলম চৌধুরী ও অথোরাইজড অফিসার মো. নুরুজ্জামান জাহিরে নেতৃত্বে ধানমন্ডি ও লালবাগ, জোন-৭ এর পরিচালক আনন্দ কুমার বিশ্বাস ও অথোরাইজড অফিসার নূর আলমের নেতৃত্বে কেরানীগঞ্জ, জুরাইন, সূত্রাপুর ও ওয়ারী এবং জোন-৮ এর অথোরাইজড অফিসার মো. মাকিদ এহসানের নেতৃত্বে ডেমরা, নারায়ণগঞ্জ ও সোনারগাঁও এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে।