বস্ত্রখাতে ২০২১ সালে ৫০ বিলিয়ন ডলার আয়ের প্রত্যাশা
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৪-০২ ১১:৫৫:৪০
আগামী ২০২১ সালের মধ্যে বস্ত্র খাত থেকে রফতানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রত্যাশা করছে সরকার। আর এজন্য বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্র ও পাট শিল্পের প্রতি খুবই আন্তরিক। এছাড়া বস্ত্র খাতে বিদেশী বিনিয়োগ উৎসাহিত করা হবে।বৈঠকে তিনি মরিশাসের ব্যবসায়ী প্রতিনিধি দলকে বস্ত্রখাতে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের ইতিবাচক অবস্থান তুলে ধরেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অফিস কক্ষে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে বৈঠক করে মরিশাসের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। বৈঠকে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান। বৈঠকে দুই দেশের বস্ত্র ও পাট শিল্পের দ্বিপক্ষীয় বাণিজ্যের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মরিশাসের ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিএমটির এমডি ফ্রাঙ্কোয়েস উও, সিএমটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর গিলিস উও, সিএমটি বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর ডেভিড ট্যু প্রমুখ।
বস্ত্র মন্ত্রী বলেন, বেসরকারি খাতে হস্তান্তরিত সরকারের অনেক বস্ত্রকল বর্তমানে বন্ধ রয়েছে। বেসরকারি খাতে হস্তান্তরের সময় যেসব শর্ত দেয়া হয়েছিল, সেসব শর্ত ভঙ্গকারীদের থেকে বস্ত্রকল পুনরায় অধিগ্রহণ করা হচ্ছে। এসব বস্ত্রকল যেসব জমির ওপর প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা চাইলে পিপিপির (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মাধ্যমে তা পুনরায় চালু করা যেতে পারে।
বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধি দল জানায়, বাংলাদেশ ও মরিশাস বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক। মরিশাস আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ। দুই দেশের নিয়মিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে। সেজন্য তারা বস্ত্র ও পাট খাতে বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ঘটাতে চায়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














