পর্যটন বিকাশে নিবিড় পর্যটন অঞ্চল তৈরি করা হবে
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৪-০৪ ১৩:০৯:১৭
দেশের অপার সম্ভাবনার পর্যটন শিল্পের উন্নয়নে দরকার সমন্বিত উদ্যোগ বলে মন্তব্য করেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল।তিনি বলেন, আমাদের অন্যতম পর্যটন স্পট সুন্দরবনকে নিয়ে আমরা মাস্টার প্ল্যান তৈরি করেছি। সুন্দরবনের কাছে পর্যটন বিকাশে একটি নিবিড় পর্যটন অঞ্চল তৈরি করা হবে।এজন্য মন্ত্রণালয় বেসরকারি সব স্টেকহোল্ডারকে নিয়ে একত্রে কাজ করবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ‘উন্নয়ন ভাবনায় পর্যটন’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক এ কথা বলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বলেন, আমাদের যেসব পর্যটন স্পট আছে, তা এখনো দেশী-বিদেশী পর্যটকদের কাছে পূর্ণরূপে তুলে ধরা যায়নি। আমাদের পর্যটন স্পটগুলোকে পর্যটকদের কাছে তুলে ধরতে মন্ত্রণালয়ের পাশাপাশি আমাদের সব স্টেকহোল্ডারকে নিয়ে আমরা কাজ করছি।
সচিব বলেন, কক্সবাজার আমাদের অন্যতম পর্যটন আকর্ষণ। কিন্তু পরিতাপের বিষয় কক্সবাজারকে পর্যটকবান্ধব করা যায়নি এখনো। এখন পর্যন্ত কোনো পর্যটক কক্সবাজার বেড়াতে গেলে সমুদ্র দেখা ছাড়া তার আর কিছু করণীয় থাকে না। এ সমস্যা দূর করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত রাস্তার দুই পাশের সব অঞ্চলকে নিবিড় পর্যটন অঞ্চল ঘোষণা করেছে। সেখানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসরকারি উদ্যোক্তাদের নির্দিষ্ট পরিকল্পনার আওতায় পর্যটন শিল্পের বিকাশে যথাযথ সহায়তা দেয়া হবে। এছাড়াও কক্সবাজারে আমাদের পর্যটকদের বিনোদনের ব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় পর্যটন বিকাশে বিশেষ পরিকল্পনা করা হচ্ছে। এ তিন পাহাড়ি জেলাকে পর্যটনবান্ধব করার জন্য সব ব্যবস্থা নেয়া হবে। জেলা তিনটির পাহাড়, নদী ও লেকের যে সৌন্দর্য, তা পর্যটকদের কাছে তুলে ধরার ব্যবস্থা নেয়া হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ভুবন চন্দ্র বিশ্বাস। বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবের।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














