জাতীয় শিল্প মেলায় পুরস্কার পেল ২৪ উদ্যোক্তা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৪-০৭ ১২:৩৭:০৪


প্রথম জাতীয় শিল্প মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪টি উদ্যোক্তা প্রতিষ্ঠান পুরস্কৃত হয়েছে। বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, হস্ত ও কারু, কুটির, হাইটেক এবং বয়লারসহ মোট ৮টি ক্যাটাগরিতে এসব প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এদের নির্বাচনের ক্ষেত্রে স্টলের সাজসজ্জা, পণ্যের গুণগত মান, বিক্রয়ের পরিমাণ, উদ্যোক্তাদের উপস্থাপনা বৈচিত্রসহ বিভিন্ন সূচকে মূল্যায়ন করা হয়েছে।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এম.পি মেলার সমাপনী অনুষ্ঠানে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এম.পি, শিল্পসচিব মোঃ আবদুল হালিম এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা প্রতিষ্ঠানের মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে কুষ্টিয়ার বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রথম, রাজধানীর নাদিয়া ফার্নিচার লিমিটেড দ্বিতীয় এবং রানার অটোমোবাইলস্ লিমিটেড তৃতীয় হয়েছে।

মাঝারি শিল্প ক্যাটাগরিতে রাজধানীর মেসার্স রকসি পেইন্টস্ লিমিটেড প্রথম, মেসার্স ফাস্ট অটো ব্রিক্স লিমিটেড দ্বিতীয় এবং প্রমি এগ্রো ফুডস্ লিমিটেড তৃতীয় হয়েছে।

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে নাটোরের মেসার্স নবতি ইন্ডাস্ট্রিজ (প্রা:) লিমিটেড প্রথম, রাজধানীর মেসার্স এগ্রো মেশিনারী ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্বিতীয় এবং এনেক্স বাংলাদেশ তৃতীয় হয়েছে।

মাইক্রো শিল্প ক্যাটাগরিতে রংপুর ক্রাফট প্রথম, রাজধানীর ডিজাইন বাই রুবিনা এবং কারিগর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে।

হস্ত ও কারু শিল্প ক্যাটাগরিতে রাজধানীর জারমার্টজ লিমিটেড প্রথম, ময়মনসিংহের সাকুরা হ্যান্ডিক্রাফট সেন্টার দ্বিতীয় এবং ঢাকার প্রকৃতি হ্যান্ডিক্রাফট তৃতীয় হয়েছে।

কুটির শিল্প ক্যাটাগরিতে রাজধানীর মম’স কালেকশন প্রথম, নেত্রকোণার নবাবী ফুটওয়্যার লিমিটেড দ্বিতীয় এবং কুষ্টিয়ার কে.বি.পটারি ইন্ডাস্ট্রিজ তৃতীয় হয়েছে।

হাইটেক শিল্প ক্যাটাগরিতে গাজীপুরের ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রথম, রাজধানীর শ্যামলী আইডিয়া থ্রিডি সলিউশন দ্বিতীয় এবং স্যামসাং ইন্ডাস্ট্রির ফেয়ার ইলেক্টনিক্স লিমিটেড তৃতীয় হয়েছে।

বয়লার শিল্প ক্যাটাগরিতে রাজধানীর মডার্ণ ইরেকশন লিমিটেড প্রথম, আলিফ বয়লার কোম্পানি লিমিটেড দ্বিতীয় এবং গোল্ডেন বয়লার কোম্পানি লিমিটেড তৃতীয় হয়েছে।

উল্লেখ্য, প্রথমবারের মত আয়োজিত জাতীয় শিল্প মেলায় ০৮টি ক্যাটাগরিতে মোট ২শ’ ৩৫ টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। উদ্যোক্তারা ৩শ’ ২৪টি স্টলে দেশিয় শিল্পপণ্য প্রদর্শন করেছে। গতকাল (০৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্ত ঘোষণা করা হলেও উদ্যোক্তাদের বেচা-কেনার স্বার্থে এটি আরও দুই দিন বাড়ানো হয়েছে