সুতা কারখানার আগুন সাড়ে ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৯ ১০:৩২:৪২


কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিল নামের একটি সুতার কারখানায় লাগা আগুন নিভল সাড়ে ৮ ঘণ্টা পর। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে। পুরো কারখানার ভেতর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় সাড়ে ৮ ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাতে কারখানায় শ্রমিক না থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ জানান, কারখানার ভেতর প্রচুর পরিমাণ সুতা, তুলা ও অন্যান্য মালামালে এখনো অল্প অল্প আগুন জ্বলছে। এজন্য আগুন পুরোপুরি নেভাতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।

এর আগে রাতে তিনি জানান, ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর আসার পর প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে আগুনের ভয়াবহতার কারণে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও  আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগে কারখানার গুদাম থেকে।