দেশকে এগিয়ে নিতে গবেষণার বিকল্প নেই: প্রধানমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-১০ ১৩:০০:৫৯
বাংলাদেশ সময়ের সঙ্গে তাল মিলিয়ে সবক্ষেত্রে এগিয়ে যাবে কারো থেকে পিছিয়ে থাকবে না- এমন প্রত্যয়ের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে এগিয়ে নিতে গবেষণার কোনো বিকল্প নেই, এজন্য বিজ্ঞানী ও গবেষকদের আরও বেশি আন্তরিক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে আহবান জানান তিনি।
বুধবার(১০ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা চেকপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতি বছরের মতো এবারও ২০১৮-১৯ অর্থবছরে শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিশেষ গবেষণা অনুদান এবং এনএসটি ফেলোশিপের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬০০ ফেলো উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ চেক গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘গবেষণাকে আমি সবসময় গুরুত্ব দিই। আমরা ২১ বছর পর ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে দেখি গবেষণার জন্য কোনো বরাদ্দ নেই। তখন ১২ কোটি টাকা প্রথমে বরাদ্দ দিই। পরের বছর তা ১০০ কোটি টাকা করি।’
তিনি বলেন, ‘গবেষণায় গুরুত্ব দেয়ার ফলে আমরা আজ খাদ্যে স্বয়সম্পূর্ণ। এখন আমরা খাদ্য বিদেশেও রপ্তানি করতে পারি।’
সরকারপ্রধান বলেন, ‘বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগ। সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে। আমাদেরও সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আমাদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। এজন্য গবেষণার প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি।’
প্রধানমন্ত্রী জানান, জাতির জনক বঙ্গবন্ধু গবেষণার প্রতি গুরুত্ব দিয়ে ফেলোশিপ চালু করেছিলেন। কিন্তু পরবর্তী সরকারগুলো তা বন্ধ করে দেয়। এতে দেশের গবেষণা হোঁচট খায়।
শেখ হাসিনা জানান, তার সরকার দেশে গবেষক তৈরিতে ভূমিকা রাখছে। দেশে এবং বিদেশে গিয়ে যাতে গবেষণা চালাতে পারে সে ব্যবস্থা করে দিচ্ছে। উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে তিনি গবেষকসহ সবার সহযোগিতা কামনা করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














