নববর্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চ্যালেঞ্জ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৪-১৩ ১৫:১৪:০২
বাংলা বর্ষবরণের আয়োজনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পহেলা বৈশাখ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের উসকানি, গুজব বা প্রোপাগান্ডায় কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ সকালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বড় চ্যালেঞ্জ নেই এবার।
তিনি বলেন, পহেলা বৈশাখে এখান থেকে শুরু হবে ট্রেডিশনাল অনুষ্ঠান। এরপর মঙ্গল শোভাযাত্রা। পুরো ঢাকা শহরের সবাই এই শোভাযাত্রা ও বটমূলের অনুষ্ঠানে যোগ দেবেন। উৎসবকে নির্বিঘ্ন করতে ঢাকাসহ সারাদেশে গোয়েন্দা নজরদারীসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তারা এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
আসাদুজ্জামান খাঁন বলেন, রাজধানীর প্রতিটি বড় উৎসব উদযাপনস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। মঙ্গল শোভাযাত্রা ঘিরে আরও কঠোর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা বিশ্বাস করি, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতায় কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই।
এসময় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














