ওয়াসার পানির শরবত বানিয়ে এমডিকে পান করাতে চান জুরাইনবাসী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৩ ১৪:২০:০৪


ওয়াসা ভবনের ঠিক বিপরীতে অবস্থান নিয়েছেন রাজধানীর জুরাইন এলাকার কয়েকজন বাসিন্দা। এদের নেতৃত্ব দিচ্ছেন মিজানুর রহমান। তাদের অবস্থানে আশপাশের উৎসুক মানুষের এক ধরনের জটলা তৈরি হয়েছে। এ অবস্থায় মিজানুর রহমান তার ব্যাগ থেকে জুরাইন এলাকার পানি বের করে জগে ঢেলেছেন। এই পানি দিয়ে শরবত বানিয়ে ওয়াসার এমডিকে খাওতে চান তিনি।

ঢাকা ওয়াসার পানি শতভাগ সুপেয়- গত ২০ এপ্রিল সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের এমন মন্তব্যের প্রতিবাদ জানায় পুরান ঢাকার জুরাইনবাসী। এরই অংশ হিসেবে মঙ্গলবার তারা কারওয়ানবাজারে অবস্থিত ওয়াসা ভবনের সামনে ওয়াসার পানির শরবত বানিয়ে এমডিকে খাওয়ানোর কর্মসূচি পালন করছেন তারা।

মিজানুর রহমান নামের জুরাইন এলাকার ওই বাসিন্দা বলেন, আমাদের এলাকায় ওয়াসার পানি ড্রেনের পানির মতো অপরিষ্কার। এটা তো খাওয়া দূরের কথা গন্ধে হাতে নেওয়াই যায় না। এ অবস্থায় ওয়াসার এমডি কীভাবে বলেন ওয়াসার পানি শতভাগ সুপেয়, বিশুদ্ধ! তাই আমরা এই পানি দিয়ে শরবত বানিয়ে খাওয়াতে এসেছি।

কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ‘আমরা যারা একসঙ্গে লাইনে দাঁড়িয়ে পানি আনতে যাই, তাদের অনেকেই ঐক্যবদ্ধ হয়ে এ কর্মসূচি দিয়েছি। প্রতিবাদের অংশ হিসেবে আমরা ওয়াসা ভবনে গিয়ে এমডির জন্য ওয়াসার বিভিন্ন কলের পানি নিয়ে এসেছি। যদি তার ডায়াবেটিস থাকে তাহলে শুধু লেবু দিয়ে শরবত তৈরি করে খাওয়াব। তিনি খেয়ে বলবেন, পানি কতটুকু সুপেয়।’