বাণিজ্যিকভাবে যাত্রা শুরু ‘বনলতা এক্সপ্রেস’

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৭ ১৬:৪৯:১২


বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে রাজশাহী-ঢাকা রুটের একমাত্র বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’। প্রথম দিনেই হাউসফুল ছিল বনলতা এক্সপ্রেস।

শনিবার সকাল ৭টার নির্ধারিত সময়েই যাত্রী নিয়ে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে দিয়ে রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

রাজশাহী রেলওয়ে স্টেশনের সুপারিটেনন্ডেন্ট আমজাদ হোসেন জানান, উদ্বোধনের পর ট্রেনটি প্রথম বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে শনিবার। প্রথম দিনেই হাউসফুল ছিল বনলতা এক্সপ্রেস। শনিবারের টিকিট বিক্রি করা হয়েছিল গত ২৫ এপ্রিল রাত ৮টা থেকে। কাউন্টার থেকে টিকিট ছাড়ার পর পরই প্রথম দিনের এসি (স্নিগ্ধা) ও ননএসি অর্থাৎ শোভন শ্রেণির সবগুলো টিকিট বিক্রি হয়ে যায়।

এদিকে বনলতা এক্সপ্রেস ট্রেনটির বাণিজ্যিক যাত্রার প্রথম দিনে খাবার নিয়ে সন্তুষ্টি প্রকাশ করতে শোনা গেছে অধিকাংশ যাত্রীকে। পশ্চিমাঞ্চল রেলওয়ের কোনো ট্রেনে খাবার দেওয়ার ঘটনা এটিই প্রথম। বনলতা এক্সপ্রেসে ৫২৫ টাকার শোভন ও ৮৭৫ টাকার এসি (স্নিগ্ধা) শ্রেণির টিকিটে যাত্রীদের জন্য এই খাবার মূল্য সংযোজন করা হয়েছে। যাত্রা শুরুর পর ট্রেনের যাত্রীদের হাতে হাতে পৌঁছে যায় বনলতার এক্সপ্রেসের খাবার।

যাত্রীদের জন্য পরিবেশন করা খাবারবিরতিহীন বনলতায় ভ্রমণকারীদের বিদ্যমান ভাড়ার সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ ভাড়া যোগ করা হয়েছে। এর সঙ্গে ১৫০ টাকার খাবার বিলও যুক্ত হয়েছে। অত্যাধুনিক এই ট্রেনটিতে বাংলাদেশ রেলওয়ের প্রথম নিজস্ব ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সার্ভিসেসের (বিআরসিটিএস) মাধ্যমে খাবার সরবরাহ করা হচ্ছে।

খাবার প্যাকেটে একটি বার্গার, ভেজিটেবল রোল, কেক, টমেটো সস দেওয়া হয়েছে যাত্রীদের। সঙ্গে মিনারেল ওয়াটারের বোতল এবং চা পরিবেশন করা হয়েছে। বনলতার এই আপ্যায়নে প্রথম দিনে তাই সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে যাত্রীদের।

এতদিন রাজশাহী-ঢাকা রুটে চলাচল করে আন্তঃনগর ট্রেন পদ্মা, ধূমকেতু ও সিল্কসিটি এক্সপ্রেস। মাঝে যাত্রাবিরতি রয়েছে ১৪টি স্টেশনে। এতে রাজশাহী থেকে ঢাকা পৌঁছাতে সময় লাগে সাত থেকে আট ঘণ্টা। তবে নতুন যোগ হওয়া বনলতা এক্সপ্রেস ঢাকা থেকে দুপুর ১টা ১৫ মিনিটে ছেড়ে রাজশাহী পৌঁছাবে সন্ধ্যা ৬টায়। রাজশাহী থেকে সকাল ৭টায় ছেড়ে ঢাকার কমলাপুরে পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে। সপ্তাহে শুক্রবার ছাড়া প্রতিদিনি চলবে ট্রেনটি।

গত ২৫ এপ্রিল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিরতিহীন এই ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিন বিনাটিকিটেই ভ্রমণ করতে পারেন যাত্রীরা।