চীনে ৯৭ শতাংশ পণ্য রফতানির শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৮ ১২:৩৫:৩৮


চীনে শূন্য শুল্কে ৯৭ শতাংশ পণ্য রফতানির সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ। দেশটির প্রস্তাবিত ‘জিরো ট্যারিফ স্কিম’-এর আওতায় এ সুবিধা পাওয়া যাবে। এজন্য এরই মধ্যে লেটার অব এক্সচেঞ্জ সই করেছে দুই দেশ। দেশটির কাস্টমস থেকে এসআরও জারি হলে আগামী মে মাস থেকে এ সুবিধা মিলবে।

জানা গেছে, চীনে শূন্য শুল্কে পণ্য রফতানির সুবিধা নিতে আগ্রহ দেখিয়ে সম্মতিপত্র পাঠানোর পর গত ৩১ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এ সুবিধা প্রদানের বিষয়টি জানায় ঢাকার চীন দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলর লা গুয়ানজিয়ান। একই সঙ্গে এ বিষয়ে চুক্তির দিনক্ষণ চূড়ান্ত করতে বলা হয় ঢাকাকে। পরবর্তী সময়ে ২ এপ্রিল ঢাকার চীন দূতাবাসকে চিঠি দিয়ে লেটার অব এক্সচেঞ্জ সইয়ের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) শফিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, চীনে শুল্কমুক্ত পণ্য রফতানির সুবিধা নিতে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে। লেটার অব এক্সচেঞ্জ সই করে গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসে পাঠানো হয়েছে।

বিষয়টি এখন চীনের কাস্টমস কর্তৃপক্ষের আওতায় রয়েছে। চীনা কাস্টমস থেকে এ বিষয়ে এসআরও জারি হওয়ার পর থেকেই বাংলাদেশ শূন্য শুল্কে পণ্য রফতানির সুবিধা পাবে।

তিনি বলেন, আশা করা যাচ্ছে, আগামী মে মাসের মধ্যে এ-সংক্রান্ত এসআরও জারি করবে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ।