শেখ ফজলে ফাহিম এফবিসিসিআই-এর সভাপতি নির্বাচিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৯ ১৯:৩২:০৫


দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)-এর ২০১৯-২১ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’-এর প্যানেল নেতা শেখ ফজলে ফাহিম।

এফবিসিসিআই-এর নির্বাচন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ, এমপি আজ ২৯ এপ্রিল সোমবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে নির্বাচনের ফল ঘোষণা করেন।

আজ সোমবার এফবিসিসিআই-এর নব-নির্বাচিত ৭১ জন পরিচালকের নিরঙ্কুশ সমর্থনে তিনি সভাপতি নির্বাচিত হন। উল্লেখ্য যে, শেখ ফজলে ফাহিম এফবিসিসিআইয়ের ২২তম সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। এছাড়াও ২০১৯-২১ মেয়াদে এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মুনতাকিম আশরাফ, চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মিসেস হাসিনা নেওয়াজ, মোঃ রেজাউল করিম রেজনু এবং দিলিপ কুমার আগারওয়ালা এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সিদ্দিকুর রহমান, মীর নিজাম উদ্দিন আহমেদ এবং নিজাম উদ্দিন রাজেশ।

এবারের নির্বাচনে ফেডারেশনের চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ এবং এফবিসিসিআই-এর সাবেক সভাপতি, জ্যোষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতিবৃন্দ শেখ ফজলে ফাহিমের নেতৃত্বধীন প্যানেল ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’-কে নিরঙ্কুশ সমর্থন জানান।

ফল ঘোষণার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং এফবিসিসিআই-এর সাবেক সভাপতি সালমান এফ রহমান উপস্থিত ছিলেন। এ সময় তিনি শেখ ফজলে ফাহিমকে অভিনন্দন জানিয়ে বলেন, ব্যবসা খাতের নেতৃত্ব আমরা পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করছি। নব-নির্বাচিত সভাপতি, জ্যোষ্ঠ সহ-সভাপতি এবং সহ-সভাপতিবৃন্দ ও বোর্ডের অধিকাংশই নতুন প্রজন্মকে প্রতিনিধিত্ব করছে। এটি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, মাননীয় প্রধনামন্ত্রী ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান, যা বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। আমরা সরকারের পক্ষ থেকে একটি অনুকুল পরিবেশ তৈরি করার চেষ্টা করে যাচ্ছি, যাতে ব্যবসায়ীরা তাদের যথাযোগ্য ভুমিকা পালন করতে পারেন। আমি আশা করি আসন্ন বাজেট ব্যবসায়ীবান্ধব হবে এবং তা বাস্তবায়নে ফেডারেশনের নব-নির্বাচিত নেতৃবৃন্দ যথার্থ ভুমিকা পালন করবে।

ফেডারেশনের বর্তমান সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে ও পরিচালকদের নিরঙ্কুশ সমর্থনের মাধ্যমে আজ শেখ ফজলে ফাহিম ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। এই সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন এবং চলতি মেয়াদে জ্যোষ্ঠ সহ-সভাপতি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তার নেতৃত্বাধীন প্যানেলের নেতা হিসেবে তিনি আগামী দুই বছরের জন্য যে লক্ষ্য স্থির করেছেন তা ব্যবসায়ী মহলে প্রশংসিত ও গ্রহণযোগ্য হয়েছে। তিনি আমার সভাপতিত্বের মেয়াদে জ্যোষ্ঠ সহ-সভাপতি হিসেবে সময়োপযোগী বিভিন্ন লক্ষ্য ফেডারেশনের কার্যক্রমে যুক্ত করতে অগ্রণী ভুমিকা পালন করেছেন। এবার তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় সেই লক্ষ্য বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় থাকবে।

তিনি বলেন, আজকের বাংলাদেশে যে গতিশীল নেতৃত্বের প্রয়োজন শেখ ফাহিমের মধ্যে সেই সকল গুণ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ বাস্তবায়নে বেসরকারি খাতে যে নেতৃত্বের প্রয়োজন সেই যোগ্যতা শেখ ফাহিমের মধ্যে বিদ্যমান। তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট এডওয়ার্ড ইউনিভার্সিটি ইন অস্টিন, টেক্সাস থেকে লিবারেল আটর্স ইন পলিটিক্যাল ইকোনোমি বিষয়ে  œাতকএবং ক্যাম্ব্রিজের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মার্স্টার্স সম্পন্ন করেছেন। তিনি অত্যন্ত যোগ্য ব্যক্তি হিসেবে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাই আমি বিশ্বাস করি, তার নেতৃত্বে আগামী মেয়াদে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষিত হবে এবং সেই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে ফেডারেশন আরও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

নব-নির্বাচিত সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, আজ আমাকে এফবিসিসিআই-এর সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি ফেডারেশনের আওতাধীন চেম্বার ও অ্যাসোসিয়েশেনের সকল সদস্য ও নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রতি আস্থা রাখার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং এফবিসিসিআই-এর সাবেক সভাপতি সালমান এফ রহমান, এমপি ও এফবিসিসিআই-এর বর্তমান সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের প্রতি। এছাড়াও আমি ফেডারেশনের সকল সাবেক সভাপতিবৃন্দের প্রতি কৃতজ্ঞ। আমার লক্ষ্য ব্যবসায়ীদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ বাস্তবায়নে ফেডারেশনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা। আমি বিশ্বাস করি, সকলের সহযোগিতায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে জাতীয় অবকাঠামো খাতের উন্নয়নসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য নেটওয়ার্কে যুক্ত থেকে ফেডারেশন আগামী দুই বছর আরও অগ্রণী ভুমিকা পালন করবে। ফেডারেশনে আমাদের নির্ধারণ করা পাঁচটি লক্ষ্য ‘ইনস্টিটিউট ফর টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেইনিং’, ‘এফবিসিসিআই বিশ্ববিদ্যালয়’, ‘আরবিটেশন সেন্টার’ প্রতিষ্ঠা, ‘ইকনোমিক ইনস্টিটিউট ফর ইকনোমিক পলিসি প্ল্যানিং এন্ড ডিজাইন’, ‘এফবিসিসিআই আইকন’ প্রতিষ্ঠার মাধ্যমে ফেডারেশনের অবস্থানকে সুদৃঢ় করতে চাই। ইনশাল্লাহ সকলের সহযোগিতায় আমার নেতৃত্বাধীন বোর্ড সফল হবে।

গত ২৪ মার্চ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল ঘোষণা করা হয়। এতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং এফবিসিসিআই-এর সাবেক সভাপতি সালমান এফ রহমান, এমপি ও এফবিসিসিআই-এর বর্তমান সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন-এর উপস্থিতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এবং বিজিএমইএ-এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এমএ সাত্তার, এমএ কাশেম, মাহবুবুর রহমান, ইউসুফ আবদুল্লাহ হারুন, এমপি, নাসির হোসাইন, একে আজাদ, কাজী আকরাম উদ্দিন আহমদ এবং আব্দুল মাতলুব আহমেদ প্রমুখ শেখ ফজলে ফাহিমের নেতৃত্বধীন প্যানেলকে সমর্থন জানান।

শেখ ফজলে ফাহিম ২০১৫-১৭ মেয়াদে এফবিসিসিআই-এর পরিচালক এবং ২০৭-১৯ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি কনফেডারেশন অব এশিয়া প্যাসেফিক চেম্বারস অব কামার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর ভাইস প্রেসিডেন্ট এবং সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের ২৬টি জাতীয় চেম্বার সংগঠনের প্রতিনিধিত্ব করারও অভিজ্ঞতার রয়েছে তার। তিনি ২০১৮ সালে ডি-৮ কমিশনের বিজনেস ডেলিগেশন, ২০১৭ সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনের নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সঙ্গে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ ফজলে ফাহিম অবসিডিয়ান বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউরো পেট্রো প্রডাক্ট লিমিটেডের চেয়ারম্যান। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্বাহী কমিটির সদস্য।