মাদারীপুরে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-৩০ ১৬:৫২:৪৬


মাদারীপুরে কালকিনি উপজেলায় আটকের পর র‌্যাবের  সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জহিরুল ইসলাম জোক্কা (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত জহিরুল ইসলাম জোক্কা কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদারীপুরের কালকিনি ও বরিশালের গৌরনদী থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

সোমবার রাতে কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের উত্তর চরাইকান্দি এলাকা থেকে জহিরুল ইসলাম জোক্কার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জোক্কা কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মাঝেরকাঝিকান্দি গ্রামের সোবহান খানের ছেলে।

মাদারীপুর র‌্যাব-৮ জানান, রাতে কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের উত্তর চরাইকান্দি এলাকায় একাধিক মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম জোক্কাকে আটক করে র‌্যাব।

পরে র‌্যাবের এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের সদস্যরা জহিরুল ইসলাম জোক্কাকে নিয়ে অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চালান।

কয়ারিয়া ইউনিয়নের উত্তর চরাইকান্দি এলাকায় গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্যে করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

পরে উত্তর চরাইকান্দির একটি খোলা মাঠে জহিরুল ইসলাম জোক্কার গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন বলেন, নিহত মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম জোক্কার বিরুদ্ধে মাদারীপুরের কালকিনি ও বরিশালের গৌরনদী থানায় মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।