বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-০২ ১২:২৫:৪১


বঙ্গোপসাগরে সৃষ্ট  ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গের পর বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার গণমাধ্যমকে ঘূর্ণিঝড়ের প্রভাবে অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ করে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি সব  নৌযানকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

আগামীকাল শুক্রবার বিকালে ভারতের ওড়িশা উপকূল হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’।

শেষ খবর পাওয়া পর্যন্ত পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর ও চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।