সারা দেশে সব ধরনের নৌযান চলাচল শুরু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-০৫ ১২:২৭:০০


বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ফণীর কারণে তিন দিন বন্ধ থাকার পর সারা দেশে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিএ।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান চলাচল কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ)পরিবহন পরিদর্শক মো. হুমায়ূন কবির জানান, রবিবার সকাল ৬টা ৫ মিনিট থেকে নৌযান চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়।

এরপর সকাল সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা সদরঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চ সোনারতরী।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ঘূর্ণিঝড় ফণীর জন্য দুর্ঘটনা এড়াতে সারা দেশে নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে বিআইডব্লিউটিএ। এ সময় শক্তিশালী ফণী ভারতের ওড়িশায় আঘাত হানার পর শনিবার বাংলাদেশে প্রবেশ করে এবং বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়। এর পরই বিপদ সংকেত সাত নম্বর থেকে নামিয়ে দেশের সব সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর।

পরিদর্শক মো. হুমায়ূন কবির আরো বলেন, এক নম্বর সতর্কতা সংকেত থাকলেও তাতে নৌযান চলাচলে বাধা নেই।