লজিস্টিক খাতে বিনিয়োগ করতে চায় চীনা কোম্পানি হেন্‌জি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৫-১৬ ১৫:১৪:২৪


বাংলাদেশে লজিস্টিক খাতে বিনিয়োগ করতে চায় ইউনান-ভিত্তিক চীনা কোম্পানি “ইউনান বোসান হেন্‌জি ইন্ডাস্ট্রি গ্রুপ”। আজ বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম-এর সাথে বিডা কার্যালয়ে হেন্‌জি ইন্ডাস্ট্রি গ্রুপের চেয়ারম্যান ডুয়ান ঝিকুই-এর নেতৃত্বে তার কোম্পানির প্রতিনিধিদল সাক্ষাতকালে এই আশাবাদ প্রকাশ করেন।

ডুয়ান ঝিকুই তার কোম্পানির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, “১৯৯৯ সালে স্থাপিত হওয়া আমাদের প্রতিষ্ঠান আটটি আলাদা ক্ষেত্রে আন্তর্জাতিক বিনিয়োগ করছে। এর মধ্যে রয়েছে মাইনিং, রিয়েল এস্টেট, জলবিদ্যুৎ, ফিন্যান্স ও ব্যাংকিং, লজিস্টিকস, পরিবেশবান্ধব কৃষি, স্বাস্থ্যসেবা ও স্মার্ট সিটি। আমাদের বার্ষিক আয় প্রায় ৩০ বিলিয়ন রেনমিনবি (ইউয়ান)।”

বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ন সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য রয়েছে। আমরা বাংলাদেশকে একটি বন্ধুপ্রতীম রাষ্ট্র মনে করি। তদুপরি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের যোগাযোগ, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি প্রভৃতি খাতে দ্রুত উন্নতি বিনিয়োগের ক্ষেত্রে সমূহ সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।”

কাজী মোঃ আমিনুল ইসলাম বাংলাদেশে প্রথমবারের মত আসা এই চীনা প্রতিষ্ঠানটির প্রশংসা করেন। তিনি বাংলাদেশে তাদের বিনিয়োগকে স্বাগত জানান। তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতির দ্রুত বিকাশের ফলে লজিস্টিক খাতে বিনিয়োগ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বিনিয়োগের বিভিন্ন নিয়ামক যেমন সড়ক যোগাযোগ ও পরিবহণ, বিদ্যুৎ, জ্বালানি, প্রভৃতি খাতের দ্রুত উন্নয়নের ফলে বাংলাদেশে এখন বিনিয়োগের অত্যন্ত সুবিধাজনক পরিবেশ বিরাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশের সরকার বিনিয়োগবান্ধব, শ্রমিক সহজলভ্য এবং অর্থনীতি স্থিতিশীল। বাংলাদেশে শিল্পকারখানা স্থাপনের জন্য জমি লীজ,ভাড়ার হার প্রতিবেশী রাষ্ট্রসমূহের তুলনায় কম। তাছাড়া রপ্তানিমুখী শিল্পের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন হারে কর মওকুফ করেছে।”

ডুয়ান ঝিকুই প্রাথমিকভাবে লজিস্টিকখাতে বিনিয়োগের জন্য কমপক্ষে ৫০ একর জমির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে স্মার্ট সিটি করার জন্য আরও অধিক পরিমাণ জমির প্রয়োজন। এর প্রেক্ষিতে কাজী মোঃ আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই কোম্পানিকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।