বাংলাদেশে বিনিয়োগ করতে চায় জাপানি কোম্পানি মিৎসুবিশি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৫-১৭ ১০:৪৭:৩২
বিশ্বের অন্যতম বৃহত্তম মোটরগাড়ি কোম্পানি “মিৎসুবিশি মটরস” বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগ করতে চায়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডা’র আমন্ত্রণে মিৎসুবিশির ভাইস প্রেসিডেন্ট এবং দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভাগীয় মহাব্যবস্থাপক রিওজিরো কোবাশি’র নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ১৪ মে থেকে ১৭ মে বাংলাদেশ সফর করছেন। সফর শেষে তারা এই সিদ্ধান্তের কথা জানান।
প্রতিনিধিদলে আরও ছিলেনন মিৎসুবিশির উৎপাদন প্রকৌশল বিভাগের মহাব্যবস্থাপক জুনিচি সাবানি, এবং ইয়াসুহিকো উয়েদা, সহকারী মহাব্যবস্থাপক।
গত ১৫ মে চট্টগ্রামের মীরেরসরাইয়ে অবস্থিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন এই প্রতিনিধি দলটি। এছাড়াও সীতাকুণ্ডে অবস্থিত মিৎসুবিশির পাঁজেরো স্পোর্ট গাড়ির কারখানা পরিদর্শন করেন তারা।
কোবাশি বলেন, “মিৎসুবিশি মটরস বাংলাদেশের শিল্পায়নে সাহায্য করতে চায় এবং মোটরগাড়ি শিল্প স্থাপনে আগ্রহী। বাংলাদেশের অবকাঠামোগত এবং অর্থনৈতিক উন্নয়ন আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অন্যান্য বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রধানদের সঙ্গে আলোচনা করতেই এবার বাংলাদেশ ভ্রমণ করছি।”
বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশের অর্থনীতির দ্রুত বিকাশ ও মাথাপিছু আয়ের দ্রুত বৃদ্ধির ফলে আগামী বছরসমূহে গাড়ির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। বৃহৎ এই বাজারে প্রবেশ করার জন্য তিনি মিৎসুবিশির কর্মকর্তাবৃন্দকে আহ্বান জানান।” তিনি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই কোম্পানিকে সর্বাত্মক সহযোগিতা করা হবে জানান।
মিৎসুবিশির এ প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়া, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীসহ উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম মিৎসুবিশির এ ভ্রমণে জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমিকে তার সর্বাত্মক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














